লন্ডন, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছন্দময় ফুটবল খেলে সান্ডারল্যান্ডকে ০-৩ গোলে স্রেফ উড়িয়ে দিয়েছে লিভারপুল। দিনের অপর খেলায় ব্ল্যাকবার্ন রোভার্স ১-০ গোলে হারিয়েছে বার্নলেকে।
খেলার তিন মিনিটেই ফার্নান্দো টোরেসের গোলে এগিয়ে যায় লিভারপুল। স্পেনের এই স্ট্রাইকার টাচলাইনের কাছে বল পেয়ে সান্ডারল্যান্ডের রক্ষণভাগের দুই খেলোয়াড়কে ধোকা দিয়ে এগিয়ে গিয়ে শট নেন। বলটি বাঁক নিয়ে জড়িয়ে যায় জালের ওপরের দিকের কোণায়।
ফুল-ব্যাক গ্লেন জনসনের দূর-পাল্লার শট একজন খেলোয়াড়ের গায়ে লেগে সান্ডারল্যান্ডের গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল চলে যায় কাক্সিক্ষত ঠিকানায়, খেলার ৩২ মিনিটে। আসলেই গোলরক্ষকের করার কিছুই ছিল না। যদিও বেশ কয়েকবার সমূহ বিপদ থেকে দলকে রক্ষা করেন তিনি।
লিভারপুল মধ্যাহ্ন বিরতিতে যায় ২-০ গোলে এগিয়ে থেকে। একের পর এক আক্রমণ থেকে গোল পেলে ৮-১০ গোলে এগিয়ে থাকতে পারতো দলটি বিরতির সময়। টরেসের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। আরেকটি যায় বেশ খানিকটা বাইরে দিয়ে। এছাড়া সুযোগ নষ্ট না করলে রক্ষণভাগের খেলোয়াড় ড্যানিয়েল অ্যাগার হয়তো হ্যাট্রিকই করতে পারতেন।
বিরতির পর বেশ ভালো খেলে সান্ডারল্যান্ড। কিন্তু গোল করতে পারেনি। বরং খেলার ৬০ মিনিটে জনসনের বানিয়ে দেয়া বল অত্যন্ত ঠান্ডা মাথায় সান্ডারল্যান্ডের জালে পাঠান টরেস।
টটেনহ্যাম হটস্পার ৩১ খেলায় ৫৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। এক ম্যাচ বেশি খেলে লিভারপুল রয়েছে পঞ্চম স্থানে, পয়েন্ট ৫৪। ম্যানচেস্টার সিটি ৩০ খেলায় ৫৩ পয়েন্ট নিয়ে আছে ৬ নম্বরে। সপ্তম স্থানে রয়েছে অ্যাস্টন ভিলা। ৩১ খেলায় দলটির পয়েন্ট ৫১।
ম্যানটেস্টার ইউনাইটেড ৭২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে চেলসি, ৭১ পয়েন্ট নিয়ে। আর তৃতীয় আর্সেনালের পয়েন্ট ৬৮।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯১০ ঘ.
bdnews24