২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দো-বাংলা গেমসে আরো ১১ সোনা জয়

তৃতীয় ইন্দো-বাংলাদেশ বাংলা গেমসের প্রথমদিন বাংলাদেশি প্রতিযোগীদের প্রাধান্য থাকলেও শুক্রবার দ্বিতীয়দিন সফরকারীদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে স্বাগতিকদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2010, 04:06 PM

Updated : 24 Aug 2022, 07:52 PM

ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৃতীয় ইন্দো-বাংলাদেশ বাংলা গেমসের প্রথমদিন বাংলাদেশি প্রতিযোগীদের প্রাধান্য থাকলেও শুক্রবার দ্বিতীয়দিন সফরকারীদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে স্বাগতিকদের। মোট ২২টি সোনার পদক ভাগাভাগি করে নিয়েছে দু'দলই। বাংলাদেশের ১১ সোনার মধ্যে আটটিই এসেছে সাঁতার ও শ্যুটিং থেকে। শ্যুটিংয়ে তিনটি ইভেন্টের সবগুলোতেই সোনা জেতে বাংলাদেশ। আর সাঁতারের সাত ইভেন্ট থেকে জিতে নেয় পাঁচ সোনা। বাকি তিনটি সোনা আসে অ্যাথলেটিক্স থেকে। শ্যুটিংয়ের ৫০ মিটার থ্রি পজিশনে (পুরুষ) তৌফিক শাহরিয়ার খান ১১৪৭ স্কোর করে সোনা জেতেন। মেয়েদের এই একই ইভেন্টে ৫৭৩ স্কোর করে সোনা জেতেন সাবরিনা সুলতানা। এছাড়া ২৫ মিটার পিস্তল ইভেন্টে (পুরুষ) মোকসেদুল রহমান ৫২৪ স্কোর করে সোনা জেতেন। সাঁতারে ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে কামাল হোসেন (১:০৭.১০ মি.), ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ডলি আক্তার (৩৫.৩২ সে.), ১০০ মিটার ফ্রি-স্টাইলে জুয়েল আহমেদ (৫৬.০২ সে.) ও ৫০ মিটার বাটার-ফ্লাইয়ে সোনিয়া আক্তার টুম্পা (৩২.০০ সে) সোনা জিতে নেন। এছাড়া ৪ী১০০ মিটার ফ্রি-স্ট্রাইলে (দলগত) কামাল হোসেন, নজরুল ইসলাম, জুয়েল আহমেদ ও রফিকুল ইসলাম (৩:৪৪:১৯ মি.) দেশকে আরো একটি সোনা উপহার দেন। অ্যাথলেটিক্সে ৪০০ মিটার হার্ডলসে আফজাল হোসেন (৫৩.২ সে.), হাইজাম্পে সজিব হোসেন ও ৪ী১০০ মিটার দলগত রিলেতে নাজমুন নাহার বিউটি, শামসুন নাহার চুমকি, ইশরাত জাহান ইভা ও সুমিতা রানী (৪৭.৭ সে.) সোনা জয় করেন। মেয়েদের ফুটবলে উভয় দলের দ্বিতীয় ম্যাচটিও অমীমাংসিতভাবে শেষ হয়। কোনো পক্ষই গোল করতে পারেনি। জুডোর একটি ইভেন্ট ও জিমন্যাস্টিক্সের দু'টি ইভেন্টে সফরকারীরা কোনো পদক পায়নি। প্রতিযোগিতার প্রথমদিন বৃহস্পতিবার মোট ২৪ সোনার মধ্যে বাংলাদেশ জিতে নেয় ১৫টি সোনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/সিজে/২১২১ ঘ.