২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির জন্য প্রয়োজনে কৌশলে পরিবর্তন: মারাদোনা

বিশ্বকাপ ফুটবলে লিওনেল মেসিকে ঘিরেই পরিকল্পনা আঁটছেন আর্জেন্টিনার কোচ দিয়েগো আরমান্দো মারাদোনা। সে কথা গোপনও করছেন না তিনি। বৃহস্পতিবার জানিয়ে দিয়েছেন, মেসি যাতে জ্বলে উঠতে পারেন, সে জন্য দরকার হলে তিনি কৌশলেও পরিবর্তন আনবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2010, 01:46 PM

Updated : 24 Aug 2022, 07:53 PM

বুয়েনস আইরিস, মার্চ ১৬ (বিডিুিনউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ফুটবলে লিওনেল মেসিকে ঘিরেই পরিকল্পনা আঁটছেন আর্জেন্টিনার কোচ দিয়েগো আরমান্দো মারাদোনা। সে কথা গোপনও করছেন না তিনি। বৃহস্পতিবার জানিয়ে দিয়েছেন, মেসি যাতে জ্বলে উঠতে পারেন, সে জন্য দরকার হলে তিনি কৌশলেও পরিবর্তন আনবেন। বার্সেলোনার হয়ে চোখ ঝলসানো খেলা উপহার দিচ্ছেন মেসি। কিন্তু আর্জেন্টিনার হয়ে মাঠে নামলে সেই মেসিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ছন্দহীন হয়ে পড়ছেন বারবার। এনিয়ে সমালোচনার ঝড় বইছে পুরো আর্জেন্টিনায়। শুধু মেসির নয়, আর্জেন্টিনার ফুটবল ইশ্বর মারাদোনারও-কেন তিনি মেসির কাছ থেকে সেরা খেলা আদায় করে নিতে পারছেন না। কো-অপারেতিভা বেতারের সঙ্গে এক সাক্ষাৎকারে সর্বকালের সেরা ফুটবলারদের অন্যতম মারাদোনা বলেন, "মেসির সেরা খেলা আদায় করে নেয়ার জন্য কৌশল পাল্টাতে হলে আমি তাই করবো।" তার জ্বলে ওঠা খুবই প্রয়োজন বলে মনে করেন মারাদোনা, "আমি নিশ্চিত বিশ্বকাপে তিনি ঠিকই জ্বলে উঠবেন।" আর্জেন্টিনার বিশ্বকাপ দলের মূল খেলোয়াড়দের সঙ্গে দেখা-সাক্ষাৎ করে ইউরোপ থেকে দেশে ফিরে কোচ বলেন, মেসির সঙ্গে তার 'খুবই আবেগময়' কথা-বার্তা হয়েছে। "মেসি যে সেরা খেলা খেলতে চান সে ব্যাপারে তিনি পুরোপুরি অবহিত আছেন বলে আমি দেখেছি। মৃত্যু পর্যন্ত তার ওপর বিশ্বাস রাখবো," সাফ জানিয়ে দেন মারাদোনা। লা লিগায় পরপর দু'টি খেলায় মেসি হ্যাট্রিক করেন। ফুটবলের সেরা খেলোয়াড়দের সঙ্গে তুলনাও করা হচ্ছে তার। তাদের মধ্যে মারাদোনাও আছেন। এ প্রসঙ্গে সর্বকালের সেরা ফুটবলারদের অন্যতম বলেন, "আমি চাই আর্জেন্টিনার কোনো খেলোয়াড় আমাকে ছাড়িয়ে যাক। আর মেসি হলে তো কথাই নেই, আমারই জয় হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯১৮ ঘ.