লন্ডন, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পেনের লা লিগায় মঙ্গলবার সেভিয়া পয়েন্ট তালিকার তলনিতে থাকা দের্পোতিভো জেরেজের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। এর ফলে কপাল পুড়েছে দলের কোচ মানোলা জিমেনেজের। বরখাস্ত করা হয় তাকে খেলার পরপর।
দিনের অন্য খেলায় স্পোর্টিং গিজন ২-১ গোলে হারিয়েছে দের্পোতিভো লা করুনাকে।
ইংলিশ প্রিমিয়ার লিগে দিনের একমাত্র খেলায় উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ৩-১ গোলে হারায় ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে।
স্যার আলেক্স ফার্গুসনের দল ম্যানচেস্টার ইউনাইটেড ৩১ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে লিগে সব দলের ওপরে রয়েছে। সমান ম্যাচে আর্সেনালের সংগ্রহ ৬৭ (দ্বিতীয়)। এক ম্যাচ কম খেলে চেলসির ৬৫ (তৃতীয়)।
ঘরের মাঠে খেলার প্রথমার্ধে দের্পোতিভো জেরেজের বিপক্ষে গোলের বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে সেভিয়া। তাই প্রথমার্ধ শেষ হয় গোল শূন্যভাবেই।
বিরতির পর সেই কাক্সিক্ষত গোলের দেখা পায় সেভিয়া, ৬৩ মিনিটে পেলান্টির সুবাদে। আক্রমণভাগের খেলোয়াড় ফ্রেডরিক কানোতের নিঁখুত শটে ১-০ তে এগিয়ে যায় সেভিয়া।
এতে অবশ্য দমে যায়নি গোল শোধে মরিয়া জেরেজ। বরং খেলার অতিরিক্ত সময়ে (৯০ ) রক্ষণভাগের খেলোয়াড় লেয়ান্দ্রো আন্দ্রেসের গোলে খেলায় সমতায় ফেরে তারা।
পয়েন্ট ভাগাভাগি করতে পেরে খুশি পয়েন্ট তালিকার সবার নিচে থাকা এই দলটি। কিন্তু ঠিক উল্টো ঘটনা ঘটে সেভিয়া শিবিরে। ক্ষুব্ধ ক্লাব কর্মকর্তারা খেলা শেষের পর বরখাস্ত করেন মানোলো জিমেনেজকে।
গত সপ্তাহে সিএসকেএ মস্কোর কাছে ২-১ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকেও ছিটকে পড়ে সেভিয়া।
রিয়াল মাদ্রিদ শীর্ষে আছে, ২৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে। সমান ম্যাচে একই পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে পড়েছে বার্সেলোনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৭০৬ ঘ.
bdnews24