ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল বাংলাদেশ লিগের ত্রয়োদশ রাউন্ডে মঙ্গলবার চট্টগ্রাম আবাহনী লিমিটেড ১-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ এমএফএসকে। অন্য ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ১-১ গোলে ড্র করেছে বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাবের সঙ্গে।
চট্টগ্রাম স্টেডিয়ামে সফরকারী রহমতগঞ্জের বিপক্ষে ঘাম-ঝরানো জয় পায় চট্টগ্রাম আবাহনী লিমিটেড। খেলার নির্ধারিত সময়ে গোল করতে পারেনি কোনো দলই। অতিরিক্ত সময়ে সাখাওয়াত হোসেন রনির গোলে নিজেদের মাঠে জয় তুলে নেয় আবাহনী।
এ জয়ে চট্টগ্রাম আবাহনীর সংগ্রহ ১২ ম্যাচে ১৪ পয়েন্ট। সমান ম্যাচে রহমতগঞ্জের ঘরে জমা পড়েছে ১১।
এদিকে কমলাপুর স্টেডিয়ামে স্বাগতিক মুক্তিযোদ্ধা পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র করেছে বিয়ানীবাজার স্পোর্টিংয়ের বিপক্ষে। ম্যাচের ২২ মিনিটে জুয়েল রানার গোলে এগিয়ে যায় বিয়ানীবাজার। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে সফরকারী দল।
তবে খেলার ৬৮ মিনিটে ওয়ালিদ খানের গোলে সমতায় ফেরে মুক্তিযোদ্ধা। আর গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয় উভয় দলকে।
১২ ম্যাচে বিয়ানীবাজারের পয়েন্ট ১২, সমান ম্যাচে মুক্তিযোদ্ধার ১১।
চট্টগ্রামে বুধবার ঢাকা মোহামেডান স্পোর্টিং খেলবে চট্টগ্রাম মোহামেডানের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/সিজি/২০৩৩ ঘ.
bdnews24