২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলায় ফেরা নিয়ে ভাবনায় উডস

মাত্র কয়েক মাস আগেও মাঠে ও মাঠের বাইরে ব্যাপক নন্দিত ছিলেন টাইগার উডস। যেখানেই যেতেন ভক্তদের উষ্ণ ভালবাসা ও শুভেচ্ছা ছাড়াও তুমুল করতালিও ছিল উডসের নিত্য পাওনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2010, 04:04 PM

Updated : 24 Aug 2022, 07:45 PM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাত্র কয়েক মাস আগেও মাঠে ও মাঠের বাইরে ব্যাপক নন্দিত ছিলেন টাইগার উডস। যেখানেই যেতেন ভক্তদের উষ্ণ ভালবাসা ও শুভেচ্ছা ছাড়াও তুমুল করতালিও ছিল উডসের নিত্য পাওনা। কিন্তু মাত্র ক'মাসেই চারপাশের চেনা-জানা জগত যেন অনেকটাই পাল্টেছে গলফের এই জীবন্ত কিংবদন্তীর। এখন মাঠে ফিরতেই ভীষণ অস্বস্তি লাগছে তার। মাঠে ভক্তদের সেই ভালবাসা ও অভিনন্দন আর জুটবে কি-না এ চিন্তা পেয়ে বসেছে তাকে। পাঁচ মাস আগে বিশ্বের সবচেয়ে ধনাঢ্য এ ক্রীড়া তারকাকে ঘিরে একাধিক নারীর অবৈধ সম্পর্কের ঘটনা ফাঁস হওয়ার পরই এলোমেলো হয়ে যায় উডসের জীবন। দাম্পত্য জীবনে প্রবল ঝড় ওঠায় বেশ কিছুদিন খেলা থেকে দূরেও থাকেন ১৪টি মেজর ও ৭১টি পিজিএ ট্যুর জেতা গলফ তারকা। সম্পর্ক মেরামতে স্ত্রী এলিনের সঙ্গে বেশ কিছুদিন নিরিবিলি কাটানোর পর অগাস্টা টুর্নামেন্ট দিয়ে প্রতিযোগিতায় ফিরতে যাচ্ছেন উডস। এপ্রিলের প্রথমেই শুরু হচ্ছে অন্যতম মেজর টুর্নামেন্ট অগাস্টা, যেটাতে চার বার শিরোপা জিতেছেন এই র‌্যাঙ্কিং সেরা। কিন্তু প্রতিযোগিতার দিনক্ষণ ঘনিয়ে আসতেই ভাবনা বেড়ে যাচ্ছে উডসের। দর্শকরা কি সাদরে গ্রহণ করবেন তাকে? কেমন অভ্যর্থনা পেতে চান? টেলিভিশন চ্যানেল ইএসপিএনের প্রশ্নের জবাবে তিনি বলেন,'' আমি জানিনা, কিছুটা নার্ভাসও। তবে এটা মন্দ লাগবে না যদি কিছু করতালি শুনতে পাই।'' নৈতিক স্খলনের জন্য অভিযুক্ত ৩৪ বছরের এই র‌্যাঙ্কিং সেরা বলেন তিনি ''মিথ্যার জগতে'' ছিলেন। স্বনির্বাসিত গলফ তারকা মাঠে ফেরার পর ইএসপিএন ও গলফ চ্যানেলকে দেওয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ভক্তদের উদ্দেশে বলেন,'' আমি অনেক কিছুই করেছি যেটা অনেককেই কষ্ট দিয়েছে। কিন্তু কুৎসিত হলেও সত্যটা বেরিয়ে এসেছে এবং আমার ভেতরের কদর্যতার মুখোমুখি হয়েছি।'' তিনি আরো বলেন,''কিন্তু আপনি যখন এটার মোকাবেলা করবেন এবং এটাকে জয় করা শুরু করবেন তাহলে অন্যরকম এক শক্তি খুঁজে পাবেন। এটা আমি এখন উপলব্ধি করতে পেরেছি। এ ধরনের শক্তি আমি ইতিপূর্বে অনুভব করিনি।'' তার অবৈধ সম্পর্কের ব্যাপারগুলো নিয়ে তিনি বলেন,''আমি এ ধরনের ঘটনার ইতি টানার চেষ্টা করেছি। কিন্তু আমি সেটা থামাতে পারিনি। সেটা ছিল অত্যন্ত জঘন্য আচরণ। যেটা শুধু আমার স্ত্রীকেই আঘাত করেনি, আমার বন্ধু-বান্ধব, সহকর্মী, জনগণ ও শিশুরা- যারা আমাকে অনুকরণ করে, তাদেরসহ অসংখ্য লোকদের কষ্ট দিয়েছে। আমি তাদের কাছে ক্ষমাপ্রার্থী ও সে ঘটনার জন্য আমি খুবই দু:খিত।'' পুনর্বাসন ক্লিনিক থেকে চিকিৎসা নিয়ে ফেরা এ গলফ তারকা জানিয়েছেন, তিনি অন্যরকম কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। এটা সত্যিই কঠিন সেই আলোতে মুখ দেখানো, যেটা আপনি দেখাতে চাননি। '' গত বছরের ১৫ নভেম্বর অস্ট্রেলিয়ান মাস্টার্স জয়-ই ছিল উডসের সর্বশেষ প্রতিযোগিতামূলক আসরে অংশ নেওয়া। সেটার অর্ধমাস যেতে না যেতেই ফ্লোরিডার বাসায় গাড়ী দূর্ঘটনার শিকার হন তিনি। এর পরেই তার ব্যক্তি জীবনের অন্ধকার বিষয়গুলো একে একে প্রকাশ পেতে থাকে। দাম্পত্য জীবনের ভিত নড়ে ওঠায় গলফ থেকে অনির্দিস্ট সময়ের জন্য বিরতি নেন দু'সন্তানের জনক উডস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২১৫০ ঘ.