২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিসিএলের ট্রফি উন্মোচন

ঢাকা শেরাটন হোটেলে সোমবার হয়ে গেল পোর্ট সিটি লিগ (পিসিএল)-এর ট্রফি উন্মোচন অনুষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2010, 03:32 PM

Updated : 24 Aug 2022, 07:45 PM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা শেরাটন হোটেলে সোমবার হয়ে গেল পোর্ট সিটি লিগ (পিসিএল)-এর ট্রফি উন্মোচন অনুষ্ঠান। অনুষ্ঠানের আয়োজক পিসিএল ফাইন্ডেশন জানায়, প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে বিদেশের মাটিতে বাংলাদেশের এই ক্রিকেট টুর্নামেন্টকে সফল করে তুলতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। টুর্নামেন্টে অংশ গ্রহণের জন্য ২৫ মার্চ দুবাইয়ের উদ্দেশে রওয়ানা হবেন আয়োজক ও ক্রিকেটাররা। আগামী ২৬ মার্চ বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজায় পর্দা উঠবে পোর্ট সিটি লিগ (পিসিএল)-এর দ্বিতীয় আসরের। টুর্নামেন্টের ফাইনাল হবে ২ এপ্রিল । প্রতিযোগিতার উদ্বোধনী দিনে চট্টগ্রাম মোহামেডান খেলবে টপ স্পোর্টস নোয়াখালীর বিপক্ষে। আর বাংলাদেশ বিমানের মুখোমুখি হবে ঢাকা স্পোর্টস ক্লাব। আয়োজকরা জানান, বাংলাদেশের ৭টি ও ভারতের একটিসহ মোট ৮টি দল অংশ নেবে এবারের আসরে। চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে দেয়া হবে এক লাখ ডলার। রানার-আপ পাবে ৩০ হাজার ডলার। এছাড়া ম্যাচ ও টুর্নামেন্ট সেরার পুরস্কারও দেয়া হবে। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর বসুন্ধরা গ্র"প। খেলা প্রচার করবে বেসরকারী টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিসিএল ফাউন্ডেশনের সভাপতি আ জ ম নাসিরসহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর ও কো-চেয়ারম্যান আলী আব্বাস। এছাড়া আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্টের টাইটেল স্পন্সর বসুন্ধরা গ্র"পের এজিএম সাফওয়ান সোবহান, মিডিয়া পার্টনার এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ও সাবেক ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসএ/টিআর/২১১৪ ঘ.