ক্যালিফোর্নিয়া, ২০ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার্বিয়ার জেলেনা জানকোভিচ ও ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি বিএনপি প্যারিবাস ওপেনের ফাইনালে উঠেছেন।
সেমিফাইনালে শুক্রবার জেলেনা ৬-২ ও ৬-৪ সেটে হারান সামানথা স্টোসারকে। যদিও সামানথা দ্বিতীয় সেটে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন।
অন্য সেমিফাইনালে বিশ্ব র্যাঙ্কিংয়ের চার নম্বর খেলোয়াড় ওজনিয়াকি ৬-২ ও ৬-৩ সেটে জেতেন তার প্রিয় বন্ধু পোল্যান্ডের অ্যাগনেসজা রাদওয়ানকার বিপক্ষে। বলতে গেলে ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে ওঠেনি।
ফাইনাল হবে রোববার। এ প্রসঙ্গে ওজনিয়াকি বলেন, "জেলেনা একজন বড় মাপের খেলোয়াড় ও সাবেক বিশ্বসেরা। তাই ফাইনাল ম্যাচ হবে নিঃসন্দেহে কঠিন।"
প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে ছেলেদের এককে ব্রিটেনের অ্যান্ডি মারে সুইডেনের রবিন সোদারলিংয়ের কাছে ৬-১ ও ৭-৬ (৪) সেটে হেরে বিদায় নিয়েছেন। আর যুক্তরাষ্ট্রের অ্যান্ডি রডিক সেমিফাইনালে উঠেছেন স্পেনের টমি রব্রিদোকে ৬-৩ ও ৭-৫ ব্যবধানে হারিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৭৪৮ ঘ.
bdnews24