ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল বাংলাদেশ লিগের দ্বাদশ পর্বের খেলায় মঙ্গলবার ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। এটি নিয়ে লিগে নিজেদের তৃতীয় ও টানা দ্বিতীয় জয় তুলে নিল মুক্তিযোদ্ধা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ- পাল্টা আক্রমণের মধ্যদিয়ে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা ও ফরাশগঞ্জের লিগের দিনের একমাত্র খেলা।
খেলার ২৩ মিনিটে জালাল উদ্দিনের নেয়া শটটি ফরাশগঞ্জের গোলরক্ষক তারেকের হাত ফসকে বেরিয়ে গেলে কোনাকুনি শটে বল জালে জড়িয়ে দেন রনি ইসলাম। মুক্তিযোদ্ধা এগিয়ে যায় ১-০ তে।
সমতায় ফেরার জন্য মরিয়া ফরাশগঞ্জ প্রথমার্ধেই বেশক'বার হানা দেয় মুক্তিযোদ্ধার গোলপোস্ট অভিমুখে। কিন্তু মুক্তিযোদ্ধার রক্ষণভাগের সঙ্গে এঁটে উঠতে পারেনি।
দ্বিতীয়ার্ধেও কোনো দল গোল না পাওয়া এ ব্যবধানেই খেলা শেষ হয়।
এ জয়ে ১১ ম্যাচ শেষে মুক্তিযোদ্ধা ও ফরাশগঞ্জ উভয় দলের সংগ্রহ সমান (১০ পয়েন্ট)।
বুধবার লিগে বিরতি। বৃহস্পতিবার লিগে তিনটি খেলা হবে। সিলেটে বিয়ানীবাজার খেলবে রহমতগঞ্জের বিপক্ষে, নারায়ণগঞ্জে শুকতারা মুখোমুখি হবে আরামবাগের। দিনের অপর ম্যাচে ফেনীতে সকার ক্লাবের বিপক্ষে লড়বে চট্টগ্রাম আবাহনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি ২১০০ ঘ.
bdnews24