হেলসিংকি, ১৫ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রবল ইচ্ছা থাকার পরও এবারের বিশ্বকাপ ফুটবল খেলা অনিশ্চিত হয়ে পড়েছে ইংল্যান্ডের মাঝ মাঠের খেলোয়াড় ডেভিড বেকহ্যামের। তার গোড়ালির টেন্ডনে অস্ত্রোপচার করা হলে বিশ্বকাপ শুরু হওয়ার আগে সেরে ওঠার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন চিকিৎসক সাকারাই ওরাভা।
শিয়েভোর সঙ্গে খেলার সময় রোববার ৩৪ বছর বয়সী বেকহ্যাম (৩৪) গোড়ালিতে আঘাত পান। খেলায় বেকহ্যামের দল এসি মিলান জেতে ১-০ গোলে। অস্ত্রোপচারের জন্য সোমবারই বেকহ্যামের ফিনল্যান্ডে পৌঁছানোর কথা।
বেকহ্যামের চিকিৎসক ওরাভা বলেন, "আবারো ফুটবলে শট করতে কিংবা ফুটবল খেলতে তার প্রায় তিন মাস লাগবে। তবে পুরোদমে ফুটবল খেলতে হলে তাকে আরো একমাস অপেক্ষা করতে হবে।"
দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ ফুটবল শুরু হতে তিন মাসেরও কম সময় বাকি আছে, শুরু হবে ১১ জুন।
ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি ১১৫টি ম্যাচ খেলেছেন বেকহ্যাম। এর আগে তিনি তিনবার বিশ্বকাপ খেলেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২১০৬ ঘ.
bdnews24