লন্ডন, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েন রুনির জোড়া গোলের সুবাদে রোববার ফুলহ্যামকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে আবরো ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। দিনের অন্য খেলায় নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি ১-১ গোলে ড্র করেছে সান্ডারল্যান্ডের সঙ্গে।
এদিকে স্পেনের লা লিগায় গঞ্জালো হিগুয়াইনের হ্যাট্রিকে ৪-১ গোলে ভ্যালাদোলিদকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়ে গেছে রিয়াল মাদ্রিদ। এছাড়া লিওনেল মেসির হ্যাট্রিকে বার্সেলোনা ৩-০ গোলে জিতেছে ভ্যালেন্সিয়ার বিপক্ষে।
সেরি আ-তে জুভেন্টাস ৩-৩ গোলে ড্র করছে সিয়েনার সঙ্গে। এসি মিলান ১-০ গোলে হারিয়েছে শিয়েভোকে।
ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেড প্রথমার্ধে খেলায় কোনো ছন্দ খুঁজে পায়নি। গোলও করতে পারেনি প্রথমার্ধে। কিন্তু বিরতির পর স্বরূপে ফিরে স্যার অ্যালেক্স ফার্গুসনের দল।
খেলার ৪৬ মিনিটে গোল করে রেড ডেভিলসদের এগিয়ে নেন দারুণ ফর্মে থাকা ওয়েন রুনি। শেষ বাঁশি বাজার ৬ মিনিট আগে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান। দিমিতার বার্বাতোভ ফুলহ্যামের কফিনে শেষ পেরেক ঠোকেন ৮৯ মিনিটে। ফলে হার মেনেই মাঠ ছাড়তে হয় ফুলহ্যামকে।
এ জয়ের ফলে ৩০ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ৬৬ পয়েন্ট নিয়ে সব দলের উপরে উঠে গেল। সমান ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৬৪ (তৃতীয় স্থান)। আর এক ম্যাচ কম খেলে চেলসির পয়েন্টও ৬৪ (দ্বিতীয় স্থান)।
লা লিগায় ঘরের মাঠে বার্সেনালা ও ভ্যালেন্সিয়ার খেলায় প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। কিন্তু দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে গোল করে মেসি এগিয়ে নেন পেপ গার্দিওলার দলকে। ৭৮ মিনিটে নিজের দ্বিতীয় ও ৭৯ মিনিটে তৃতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন আর্জেন্টিনার আক্রমণভাগের এই খেলোয়াড়।
অন্য খেলায় রিয়াল মাদ্রিদ হারায় রিয়াল ভ্যালাদোলিদকে। খেলার প্রথমার্ধের ২৮ মিনিটে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হিগুয়াইন। বিরতির পর ৫২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। কিন্তু রাউল অ্যালবিওলের ভূলে ৫৮ মিনিটের আত্মঘাতী একটি গোল হজম করতে হয় রিয়াল মাদ্রিদকে। তবে ৬৫ মিনিটে হিগুয়াইনের গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
২৬ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে সব দলের উপড়ে আছে ম্যানুয়েল পেল্লেগ্রিনির দল রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়েও দ্বিতীয়স্থানে বার্সা, গোল ব্যবধানে পিছিয়ে পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/এনআই/টিআর/১৬১৬ ঘ.
bdnews24