ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক্সট্যাসি ৬ষ্ঠ জাতীয় স্কুল হকি প্রতিযোগিতার শিরোপা জিতেছে রাজশাহীর কসবা উচ্চ বিদ্যালয়। রোববার ফাইনালে কসবা উচ্চ বিদ্যালয় ২-১ গোলে রাজধানীর আরমানিটোলা হাই স্কুলকে পরাজিত করে। কসবা উচ্চ বিদ্যালয়ের মাহবুবুল আলম দলের পক্ষে গোল দু'টি করেন।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। ম্যাচের ৪১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে কসবা উচ্চ বিদ্যালয়কে এগিয়ে দেন মাহবুবুল আলম। কিন্তু চার মিনিট বাদেই রায়হান উদ্দিনের ফিল্ড গোলে খেলায় সমতা ফেরায় আরমানিটোলা হাই স্কুল। ম্যাচের ৬১ মিনিটে কসবা উচ্চ বিদ্যালয়ের পক্ষে জয়সূচক গোলটিও করেন মাহবুবুল।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল এসএম জিয়াউর রহমান ও এক্সট্যাসি এর সিইও তানজিম হক ফাইনাল খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/১৯০০ ঘ.
bdnews24