লন্ডন, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিদিয়ের দ্রগবার জোড়া গোলে শনিবার ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে হারিয়েছে চেলসি। ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে বিপক্ষে ৪-১ গোলের জয়ে আবারো শীর্ষে চেলসি। ইংলিশ লিগে দিনের অন্য খেলায় আর্সেনাল ২-১ এ হাল সিটিকে, বোল্টন ওয়ান্ডারার্স ৪-০ তে উইগ্যান অ্যাথলিটিককে, টটেনহ্যাম হটস্পার ৩-১ গোলে ব্ল্যাকবার্নকে ও উলভারহ্যাম্পটন ২-১ এ হারিয়েছে বার্নলেকে।
এছাড়া বার্মিংহ্যাম সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে এভারটন। আর গোলশূন্য ড্র হয়েছে স্টোক সিটি ও অ্যাস্টন ভিলার মধ্যকার খেলাটি। এদিকে স্পেনের লা লিগায় সেভিয়াও ১-১ এ ড্র করেছে ডিপোর্তিভোর সঙ্গে।
ঘরের মাঠে খেলার প্রথমার্ধে আক্রমণভাগের খেলোয়াড় রড্রিগা অ্যালেক্স দিয়াস দা কোস্টার গোলে এগিয়ে যায় কার্লো অ্যানচেলোত্তির দল, ১৬ মিনিটে। কিন্তু পাল্টা আক্রমণ থেকে চেলসির জালে বল জড়িয়ে খেলায় সমতা ফেরায় ওয়েস্টহ্যাম, ৩০ মিনিটে স্কট পার্কারের গোল থেকে। প্রথমার্ধ শেষ হয় ১-১ এ ।
বিরতির পর স্বরূপে ফিরে ব্লুজরা। ৫৬ মিনিটে দিদিয়ের দ্রগবার গোলে ব্যবধান বাড়ায় চেলসি। ফ্লোরেন্ত মালুদার ৭৭ মিনিটের গোল চেলসিকে এগিয়ে দেন ৩-১ এ। খেলার অন্তিম মূহূর্তে নিজের দ্বিতীয় গোলটি করে ওয়েস্টহ্যামের কফিনে শেষ পেরেক ঠোকেন দ্রগবা। ফলে ৪-১ গোলে হার মেনেই মাঠ ছাড়ে ওয়েস্টহ্যাম।
দিনের অন্য খেলায় কিংসটন কমিউনিকেশন্স স্টেডিয়ামে আর্সেনাল ২-১ গোলে হারিয়েছে হাল সিটিকে। প্রথমার্ধের ১৪ মিনিটে আন্দ্রে আরশাভিন এগিয়ে দেন আর্সেনালকে। জিমি বুলার্ডের পেনাল্টি থেকে খেলায় সমতা ফেরায় হাল সিটি, ২৯ মিনিটে।
বিরতির পর ব্যবধান গড়তে মরিয়া ওঠে উভয় দল। তবে অতিরক্তি সময়ে নিকলাস বেন্টনারের জয়সূচক গোল নিয়ে মাঠ ছাড়ে গানার্সরা।
লিগে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি (২৯ ম্যাচ)। আর এক ম্যাচ বেশি খেলে আর্সেনালের পয়েন্টও ৬৪। এছাড়া ২৯ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের সংগ্রহ ৬৩ ও টটেনহ্যাম হটস্পারের ৫২।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/এএইচএস/এনআই/১৭৪৫ ঘ.
bdnews24