নয়া দিল্লি, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ হকির ফাইনালে শনিবার মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়া ও জার্মানি।
প্রথম সেমিফাইনালে জার্মানি ৪-১ গোলে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া ২-১ গোলে জিতেছে নেদারল্যান্ডসের বিপক্ষে।
মেজর ধ্যান চান্দ স্টেডিয়ামে বৃহস্পতিবার খেলার ৬ মিনিটে জ্যান মার্কো মনট্যাগের পেনাল্টি কর্নার থেকে দেয়া গোলে এগিয়ে যায় জার্মানি। পাঁচ মিনিট পরই ব্যবধান বাড়ান ওলিভার কর্ন।
এরপর গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে ইংল্যান্ড। সফলতার মুখ দেখে ১৮ মিনিটে, রিচার্ড স্মিথের পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমায়।
কিন্তু এরপরই আবার ইংল্যান্ডকে চেপে ধরে গত দুই আসরের চ্যাম্পিয়ন জার্মানি। আবারো ব্যবধান বাড়ায় ৩১ মিনিটে, মার্টিন হ্যানারের পেলাল্টি কর্নার থেকে।
বিরতির পর গোল শোধে মরিয়া ইংল্যান্ড আক্রমণের পর আক্রমণ চালিয়ে যেতে থাকে। কিন্তু পাল্টা আক্রমণ থেকে উল্টো গোল আদায় করে নেয় জার্মানি। পেনাল্টি কর্নার থেকে ৬০ মিনিটে গোলটি করেন লিনাস বাট।
দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার লুক ডর্নার ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে এগিয়ে নেন দলকে। ৫৫ মিনিটে গ্লেন টার্নার গোল-ব্যবধান দ্বিগুণ করেন।
তবে ৫৮ মিনিটে তাকেই তাকিমা পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে হারের ব্যবধান কমান। এরপর গোল শোধের জন্য আক্রমণের পর পর আক্রমণ চালায় নেদারল্যান্ডস। কিন্তু দেখা মেলেনি গোলের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৩৩৮ ঘ.
bdnews24