২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় পেয়েছে ব্রাদার্স ও মুক্তিযোদ্ধা

সিটিসেল বাংলাদেশ লিগের একাদশ রাউন্ডে এসে দ্বিতীয় জয় তুলে নিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ। বৃহস্পতিবার লিগে জয় খরায় থাকা মুক্তিযোদ্ধা ২-১ ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম মোহামেডানকে। অপর ম্যাচে শুকতারা যুব সংসদকে একমাত্র গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2010, 05:19 PM

Updated : 24 Aug 2022, 07:26 PM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল বাংলাদেশ লিগের একাদশ রাউন্ডে এসে দ্বিতীয় জয় তুলে নিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ। বৃহস্পতিবার লিগে জয় খরায় থাকা মুক্তিযোদ্ধা ২-১ ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম মোহামেডানকে। অপর ম্যাচে শুকতারা যুব সংসদকে একমাত্র গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। নারায়ণগঞ্জ স্টেডিয়ামে প্রথম ম্যাচে শুকতারার মুখোমুখি হয় ব্রাদার্স। প্রথমার্ধের খেলায় কোনো দলই গোল পায়নি। ম্যাচের ৫০ মিনিটে দিদার ব্রাদার্সের পক্ষে জয়সূচক গোলটি করেন। এ জয় নিয়ে ১০ ম্যাচ শেষে চতুর্থ স্থানে থাকা ব্রাদার্স ইউনিয়নের সংগ্রহ ১৩ পয়েন্ট । সমসংখ্যক ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকায় একাদশ স্থানে শুকতারা যুব সংসদ। বিকেল পাঁচটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের অপর ম্যাচে চট্টগ্রাম মোহামেডানের বিপক্ষে পিছিয়ে পড়েও জয় তুলে নিয়েছে পয়েন্ট তলানিতে থাকা মুক্তিযোদ্ধা সংসদ। ম্যাচের ২৫ মিনিটে লিটনের গোলে এগিয়ে যায় চট্টগ্রাম মোহামেডান। কিন্তু তিন মিনিট বাদেই ফুয়াদ আলির গোলে ম্যাচে সমতা ফেরায় মুক্তিযোদ্ধা। ১-১ গোল ব্যবধানেই প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৪ মিনিটে রনি ইসলামের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় বাংলাদেশ লিগে দ্বিতীয় জয় নিশ্চিত করে মুক্তিযোদ্ধা। ফলে ১০ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তলানি থেকে ১২তম স্থানে উঠে আসে মুক্তিযোদ্ধা সংসদ। সমসংখ্যক ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সবার নিচে চট্টগ্রাম মোহামেডান। শুক্রবার সিটিসেল বাংলাদেশ লিগে কোনো ম্যাচ নেই। শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে আরামবাগ রহমতগঞ্জের বিপক্ষে খেলবে। অপর ম্যাচে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে বিয়ানি বাজার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/ ২৩১০ ঘ.