লন্ডন, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এফএ কাপের সেমিফাইনালে উঠেছে চেলসি। রোববার কোয়াটার ফাইনালে তারা ২-০ গোলে হারিয়েছে স্টোক সিটিকে।
অন্যদিকে জন ক্যারুর হ্যাট্রিকের সুবাদে অ্যাস্টন ভিলা ৪-২ গোলে হারিয়েছে রিডিংকে।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে দিনের একমাত্র খেলায় এভারটন ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে হাল সিটিকে।
নিজ মাঠে খেলার সুবিধা নিয়ে ৩৫ মিনিটেই এগিয়ে যায় চেলসি। দলকে ১-০ গোলে এগিয়ে নেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। বিরতির পর (৬৭ মিনিট) অধিনায়ক জন টেরির গোলে ব্যবধান বাড়িয়ে নেয় ব্লুজরা। ২-০ গোলে পিছিয়ে থাকা স্টোক সিটি ব্যবধান কমিয়ে আনার কোন সুযোগ পায়নি।
অন্য ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েও শেষপর্যন্ত বড় ব্যবধানেই জেতে অ্যাস্টন ভিলা। খেলার ২৭ মিনিটে শন লং এর গোলে এগিয়ে যায় রিডিং। ৪২ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটিও উপহার দেন শন। কিন্তু বিরতির পর জ্বলে উঠে অ্যাস্টন ভিলা।
৪৭ মিনিটে অ্যাশলে ইয়াংয়ের গোলে ব্যবধান কমায় ভিলা। চার মিনিট পরই জন ক্যারুর গোলে খেলায় সমতা ফেরে ভিলা। এরপর ক্যারু আরো দুটি গোল করে দলের সেমিফাইনাল খেলা নিশ্চিত করেন।
আগামী ১০ এপ্রিল সেমিফাইনালের মুখোমুখী হবে চেলসি ও অ্যাস্টন ভিলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/এসএ/২২২৪ ঘ.
bdnews24