লন্ডন, মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংলিশ প্রিমিয়ার লিগে উভলার হ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। দিনের অন্য খেলায় আর্সেনাল ৩-১ গোলে হারিয়েছে বার্নলেকে। এছাড়া ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ১-২ গোলে হেরেছে বোল্টন ওয়ান্ডারার্সের কাছে।
এদিকে স্পেনের লা লিগায় রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে সেভিয়াকে হারালেও বার্সেলোনা ২-২ গোলে ড্র করছে আলমেরিয়ার সঙ্গে। এছাড়া সেরি আ তে জুভেন্টাস ২-১ গোলে হারিয়েছে ফিওরেন্তিনাকে। আর এসি মিলানের সঙ্গে গোলশূণ্য ড্র করেছে এএস রোমা।
ঘরের মাঠে উভলার হ্যাম্পটন ভালভাবেই মোকাবেলা করেছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। প্রথমার্ধে গোল পায়নি কোন পক্ষই। তবে দ্বিতীয়ার্ধে লুই ন্যানির পাস থেকে পল স্কোলসের দেয়া গোলে এগিয়ে যায় রেড ডেভিলসরা ৭৩ মিনিটে। পরে গোল শোধে মরিয়া উভলার আর খেলায় ফিরতে পারেনি।
অন্য খেলায় আর্সেনাল ৩-১ গোলে হারিয়েছে বার্নলেকে। এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল ৩৪ মিনিটে এগিয়ে যায় ফ্রান্সেস ফেব্রেগাসের গোলে। পরে ডেভিড নুজেন্টের গোলে খেলায় সমতা ফেরায় বার্নলে ৫০ মিনিটে। গানারর্সদের হয়ে ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন থিও ওয়ালকট। খেলার আগ মুহূর্তে বার্নলের কফিনে শেষ পেরেক ঠোকেন অ্যান্ড্রি অ্যার্শাভিন অতিরিক্ত সময়ে।
ইংলিশ প্রিমিয়ার লিগে ২৯ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৬৩। সমান খেলায় আর্সেনালের ৬১ আর এক ম্যাচ কম খেলে চেলসির পয়েন্টও ৬১।
এদিকে স্পেনের লা লিগায় ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ ৩-২ গোলে হারায় সেভিয়াকে। এ জয়ের মধ্য দিয়ে রিয়ালের অবস্থান পয়েন্ট তালিকার সবার ওপরে।
প্রথমার্ধের ৯ মিনিটে জাভি রিয়ালের জালে বল জড়িয়ে এগিয়ে দেন সেভিয়াকে। প্রথমার্ধে ১-০ তে এগিয়ে থাকা সেভিয়ার হয়ে আবারো গোল করে ব্যবধান বাড়ান ইভিচা ড্রেগুতিনোভিচ ৫১ মিনিটে।
কিন্তু রিয়ালের হয়ে সেভিয়ার জালে বল পাঠিয়ে ব্যবধান কমান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৫৯ মিনিটে। সের্জিও রামোসের ৬৪ মিনিটের গোলে খেলায় সমতা আনে পেপ গার্দিওয়ালর দল। পরে অতিরিক্ত সময়ে ভ্যান ডার ভ্যার্তের গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।
দিনের অন্য খেলায় মেসির জোড়া গোল সত্ত্বেও ১০ জন নিয়ে খেলা বার্সেলোনা ২-২ গোলে ড্র করেছে অ্যালমেরিয়ার সঙ্গে। এতে করে বার্সা নেমে এসেছে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে।
এছাড়া সেরি আ তে স্বাগতিক এএস রোমা গোলশূণ্য ড্র করেছে এসি মিলানের সঙ্গে। আর জুভেন্টাস ২-১ গোলে হারিয়েছে ফিওরেন্তিনাকে।
জুভেন্টাসের হয়ে প্রথম গোলটি করেন দিয়াগো রিবাস দা কুনহা ৩ মিনিটে ও ৬৮ মিনিটে দ্বিতীয় গোলটি করেন ফ্যাবিও গ্রোসো। ফিওরেন্তিনার হয়ে একমাত্র গোলটি করেন মার্কো মাচিওনি ৩২ মিনিটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/১৭০৫ ঘ.
bdnews24