ঢাকা, মার্চ ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেখ রাসেল ক্রীড়া চক্রকে ২-০ গোলে হারিয়ে সিটিসেল বাংলাদেশ লিগের পয়েন্ট তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছে ঢাকা আবাহনী লিমিটেড। অপর ম্যাচে চট্টগ্রাম মোহামেডানকে ২-০ গোলে হারিয়েছে ফেনী সকার ক্লাব।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দশম রাউন্ডের ম্যাচে শনিবার আবাহনীর মুখোমুখি হয় আগের ম্যাচে ঢাকা মোহামেডানের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করা শেখ রাসেল। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে জমে ওঠে খেলা। তবে প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দলই।
খেলার ১১ মিনিটে ডান প্রান্ত থেকে মতিউর মুন্নার ফ্রি-কিকে মিশু মাথা দিয়ে গোল করার চেষ্টা করেন। কিন্তু বল গোলপোস্টের সামনে ড্রপ খেয়ে বারের ওপর দিয়ে চলে যায়। ১৮ মিনিটে পাল্টা আক্রমণ করে শেখ রাসেল। বাঁ প্রান্ত থেকে মারুফের ফ্রি-কিক ঠেকিয়ে দেন আবাহনীর গোলরক্ষক বিপ্লব।
তবে শেষ রাসেলের ভাগ্য ভালো। ৩২ মিনিটে কর্নার পায় আবাহনী। চমৎকার শট, ঠিক গোল মুখের সামনে পড়ে। হেডও করেন প্রাণতোষ। কিন্তু কাঙ্খিত ঠিকানায় বল পাঠাতে পারেননি। বেরিয়ে যায় গোলপোস্টের বাইরে দিয়ে। প্রথমার্ধের বিরতির ঠিক আগে আরেকটি সহজ সুযোগ নষ্ট করে আবাহনী। মুন্না ডান প্রান্ত থেকে বল প্রতিপক্ষের বক্সে দাঁড়ানো জাহেদকে দেন। কিন্ত বল জালে পাঠাতে পারেননি তিনি।
খেলার ৫৪ মিনিটে গোলের দেখা পায় আবাহনী। আওদু ইব্রাহিমের ফ্রি-কিক সরাসরি আশ্রয় নেয় জালে। এরপর গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে থাকা শেখ রাসেল।
কিন্ত পরপর কয়েকটি গোল সুযোগ নষ্ট করায় ম্যাচে ফিরতে পারেনি শেখ রাসেল। ৬২ মিনিটে মোবারক হোসেন বক্সের মধ্যে ফাঁকায় দাঁড়ানো রাজনকে বল না দিয়ে নিজেই গোলে শট নেন। কিন্তু বল চলে যায় বাইরে দিয়ে। তিন মিনিট পরই রাজনের ব্যাক-পাসের ওপর শট নেন সামির। কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে বলটি ঠেকিয়ে দেন আবাহনীর গোলরক্ষক। ৬৬ মিনিটে রনির শট আবাহনীর গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়।
আবাহনীর শেরীফ দ্বীন মোহাম্মদ ৭৫ মিনিটে আরেকটি গোলের সুযোগ নষ্ট করেন। তবে ম্যাচের ৮৬ মিনিটে মুন্নার বদলি হিসেবে নামা এনামুল মাইনাস করেন। বল পান ইব্রাহিম। তিনি বলটি তুলে দেন প্রতিপক্ষের বক্সে। আর শেরীফ মাথা দিয়ে জড়িয়ে দেন শেখ রাসেলের জালে।
ম্যাচ শেষে আবাহনী কোচ অমলেশ সেন বলেন, "কঠিন হলেও খেলা ছিল আমাদের নিয়ন্ত্রণে। ছেলেদের খেলায় আমি সন্তুষ্ট।" তবে আবাহনীর পক্ষে রেফারি তিনটি পেনাল্টি দেননি বলে অভিযোগ করেন তিনি।
ম্যাচে হারার পর কোনো অজুহাত দেখাননি শেখ রাসেলের কোচ লিটন, "ওরা (আবাহনী) ভালো খেলেছে। আর আমরা বেশি সুযোগ নষ্ট করেছি।" প্রথমার্ধে একটি গোল করতে পারলেই খেলার মোড় ঘুরে যেত বলে মনে করেন তিনি। বলেন, এরপরও তার দলের টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে।
চট্টগ্রামে দিনের অন্য খেলায় ফেনী সকার ক্লাবের পক্ষে মিন্টু শেখ ৫৮ মিনিটে চট্টগ্রাম মোহামেডানের জালে বল জড়িয়ে দেন। ৭৫ মিনিটে ফেনী সকারের পক্ষে দ্বিতীয় গোলটি করেন আসিফ ইউসুফ।
এ জয়ের ফলে ১০ ম্যাচে আবাহনীর পয়েন্ট দাঁড়ালো ৩০। সমান খেলায় শেখ রাসেলের পয়েন্ট ২৩।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/সিজি/২২২০ ঘ.
bdnews24