ঢাকা, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগের নবম রাউন্ডেও জয় পেয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। সোমবার ১-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে পুর্ণ পয়েন্ট তুলে নেয় টুর্নামেন্টে অপরাজিত আবাহনী। এসএ গেমস ও এএফসি চ্যালেঞ্জ কাপ উপলক্ষ্যে লম্বা বিরতি দিয়ে সিটিসেল বাংলাদেশ লিগের ৯ম রাউন্ড শুরু হয় ।
সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে আবাহনীর পক্ষে জয়সূচক গোলটি করেন মতিউর মুন্না।
জয়ের ফলে ৯ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার ওপরে রয়েছে ঢাকা আবাহনী। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে ব্রাদার্স।
মঙ্গলবার একই মাঠে ঢাকা মোহামেডান মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়া চক্রের। ম্যাচটি হবে সন্ধ্যা ছ'টায়। দিনের অপর খেলায় ফেনী স্টেডিয়ামে ফেনী সকার ক্লাব খেলবে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। ম্যাচটি বিকেল সাড়ে তিনটায় হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/১৯২৫ ঘ.
bdnews24