লন্ডন, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিছিয়ে পড়েও ইউনিরিয়া উর্জিচেনিকে ৩-১ গোলে হারিয়ে ইউরোপা লিগের দ্বিতীয় পর্বে উঠেছে লিভারপুল। দিনের অন্য ম্যাচে স্পোটিং লিসবনের কাছে ৩-০ গোলে হেরে বিদায় নিয়েছে এভারটন। আর শাখতার দোনিস্কির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ফুলহ্যাম।
ঘরের মাঠে লিভারপুল সহজ জয় তুলে নিয়েছে ইউনিরিয়ার বিপক্ষে। তবে খেলার ১৮ মিনিটে ব্র"নো ফার্নান্দেজের গোলে ১-০ তে ইউনিরিয়া এগিয়ে গেলে কিছুটা অস্বস্তিতে পড়ে লিভারপুল। মরিয়া হয়ে ওঠে গোল শোধের জন্য। ফলে চলতে থাকে আক্রমণের পর আক্রমণ।
২৯ মিনিটেই হ্যাভিয়ের মাস্কেরানোর গোলে খেলায় সমতা ফেরায় লিভারপুল। ফ্রি-কিক থেকে রায়ান বাবেল গোল করে ২-১ এ এগিয়ে নেন লিভারপুলকে, ৪০ মিনিটে। ইউনিরিয়ার কফিনে ৫৭ মিনিটে শেষ পেরেকটি ঠোকেন স্টিভেন জেরার্ড। ফলে হার মেনেই মাঠ ছাড়তে হয় ইউনিরিয়াকে।
অন্য ম্যাচে স্পোটিং লিসবনের কাছে ৩-০ গোলে হেরে লিগ থেকেই বিদায় নিয়েছে ইংলিশ ক্লাব এভারটন। খেলার প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো পক্ষই। তবে ৬৪ মিনিটে মিকুয়েল ভেলোসোর গোলে খেলায় এগিয়ে যায় স্পোটিং।
পেদ্রো মেন্দেজের গোলে ৭৭ মিনিটে ব্যবধান বাড়ায় পর্তুগালের ক্লাবটি। অতিরিক্ত (৯০ ) সময়ে মাতিয়াস ফার্নান্দেজের গোলে জয় নিশ্চিত করে স্পোটিং লিসবন।
আরেকটি খেলায় ফুলহ্যামের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে শাখতার দোনিস্কি। খেলার প্রথমার্ধের ৩৩ মিনিটে ব্রেডি হ্যাঙ্গেল্যান্ডের গোলে এগিয়ে যায় ফুলহ্যাম। তবে শাখতারের রোড্রিকস জেডসন সমতা ফেরান, ৬৯ মিনিটে। ফলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় উভয় পক্ষকে।
ফুলহ্যামের ড্যানি মার্ফি লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান, অতিরিক্ত সময় (৯০ )।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৭১১ ঘ.
bdnews24