ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এপ্রিলের প্রথম সপ্তাহেই হ্যান্ডবলের আন্তর্জাতিক আসর বসছে বাংলাদেশে। চ্যালেঞ্জ ট্রফি, বাংলাদেশ-২০১০ নামের টুর্নামেন্টটিতে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশসহ মোট সাতটি দেশের অনূর্ধ্ব ২১ হ্যান্ডবল দল।
স্বাগতিক দেশসহ পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, ইয়েমেন এ প্রতিযোগিতায় অংশ নেবে।
আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) উদ্যোগে ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ৪ থেকে ১০ এপ্রিল পর্যন্ত এ টুর্নামেন্টে চলবে।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহকারি সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জানান, ' অনূর্ধ্ব ২১ দলের এ ধরনের টুর্নামেন্ট এটাই প্রথম। আইএইচএফ এর উদ্যোগে বাংলাদেশ-ই প্রথমবারেরমতো এটা আয়োজন করার সুযোগ পাচ্ছে।'
এরই মধ্যে ঘরোয়া প্রস্তুতিও নেওয়া শুরু করেছে হ্যান্ডবল ফেডারেশন। প্রতিযোগিতার জন্য মার্চের শুরু থেকেই খেলোয়াড়দের ক্যাম্পে রাখা হবে বলে জানিয়েছেন হ্যান্ডবল ফেডারেশন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।
কোহিনুর বলেন, ' চ্যালেঞ্জ ট্রফির জন্য আমরা ১৮ জনের দল নির্বাচন করেছি। মার্চের প্রথম সপ্তাহেই খেলোয়াড়দের ক্যাম্প শুরু হবে। '
নির্বাচিত হ্যান্ডবল খেলোয়াড়রা হলেন-
ইমদাদুল হক হীরা, সাগর মিয়া, ইমদাদুল হক, দিদার হোসেন, তারেক হোসেন, সাইদ্জ্জুামান সানি, নাহারুল কাউসাইন (সনম), তানভীর মাহমুদ, শাহিন হোসেন, মুন্সি জিয়াউর রহমান, তাশরিক হাসান (সন্ধি), সোহাগ হোসেন, হাসান মিরাজ, রোকনুজ্জামান (রাজু), মিনারুল ইসলাম মিনার (গোল কিপার), রবিউল ইসলাম, সুমন সাহা ও রাসেল চাকমা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/১২১৫ ঘ.
bdnews24