২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুনির জোড়া গোলে ওয়েস্টহ্যামের হার

ওয়েন রুনির জোড়া গোলের সুবাদে ওয়েস্টহ্যামকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেই সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ দল চেলসিকে প্রায় ধরে ফেলেছে বর্তমান চ্যাম্পিয়নরা, পিছিয়ে আছে মাত্র এক পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2010, 11:13 AM

Updated : 24 Aug 2022, 07:03 PM

লন্ডন, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েন রুনির জোড়া গোলের সুবাদে ওয়েস্টহ্যামকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেই সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ দল চেলসিকে প্রায় ধরে ফেলেছে বর্তমান চ্যাম্পিয়নরা, পিছিয়ে আছে মাত্র এক পয়েন্ট। ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার শুরুতে সমান তালে লড়ে যায় ওয়েস্টহ্যাম। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। এক পর্যায়ে রীতিমতো চেপে ধরে ওয়েস্টহ্যামকে। খেলার ৩৮ মিনিটের মাথায় গোলও আদায় করে নেয় তারা। অ্যান্টোনিও ভালেন্সিয়া আড়াআড়িভাবে উড়িয়ে বল ফেলেন ওয়েস্টহ্যামের গোল মুখে। ছুটে এসে মাথা দিয়ে প্রচণ্ড গতিতে বল পাঠিয়ে দেন কাঙ্খিত ঠিকানায়। এর ঠিক ২০ সেকেন্ড পর কপাল জোরে বেঁচে যায় ওয়েস্টহ্যাম। পার্ক জি-সুং-এর তীব্র শট বারে লেগে ফিরে আসে। খেলার ৫৫ মিনিটে ভাগ্য আর ওয়েস্টহ্যামকে সহায়তা করেনি। আবারো ভালেন্সিয়ার আড়াআড়িভাবে উড়িয়ে বল দেয়া। আবারো হেড, সেই রুনিরই। এবারো জোর গতি ছিল বলে। গোলরক্ষকের তাকিয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিল না। গোল করার কারিগর রুনির বদলি হিসেবে নেমে মাইকেল ওয়েনও বসে থাকেননি। দুই মিনিটের মধ্যে দলের পক্ষে তৃতীয় গোল করে নিশ্চিত করেন জয়। খেলার ৮০ মিনিটের মাথায় পল স্কোলেসের কাছ থেকে বল পেয়ে পাঠিয়ে দেন জালের দূর কোণায়। এ দু'টি নিয়ে এ মৌসুমে মোট ২৭টি গোল করলেন রুনি। এর মধ্যে শেষ ১৯টি করেছেন শেষ ১৯ ম্যাচে। এই জয়ের ফলে ২৮ খেলায় ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট দাঁড়ালো ৬০-এ। তালিকার শীর্ষ দল চেলসির চেয়ে পিছিয়ে আছে মাত্র ১ পয়েন্টে। একটা খেলা অবশ্য এখনো বাকি আছে চেলসির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭০০ ঘ.