লন্ডন, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরোপা লিগে লিভারপুলের কাছে ১-০ গোলে হেরে গেছে ইউনিরেয়া উরজিচেনি। দিনের অন্য খেলায় পিছিয়ে পড়েও ওলিভিয়েরা অ্যামোরির জোরা গোলে জুভেন্টাস জিতেছে আয়াক্স আর্মস্টার্ডামের বিপক্ষে, ২-১ গোলে।
নিজেদের মাঠ অ্যানফিল্ডে বৃহস্পতিবার খেলার শুরু থেকেই রোমানিয়ার ক্লাব উরজিচেনিকে চেপে ধরে লিভারপুল। আক্রমণের পর আক্রমণ করেও গোল করতে পারছিল না। এভাবেই প্রথমার্ধ শেষ হয়ে যায়। কিন্তু গোলের দেখা মেলেনি।
অবশেষে গোল পায় দ্বিতীয়ার্ধে, খেলা শেষ হওয়ার ঠিক নয় মিনিট আগে। সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে অ্যানফিল্ডের ৪০ হাজার দর্শক। ফ্যাবিও অরেলিও বলটি আড়াআড়িভাবে উড়িয়ে পাঠান পাবলো ব্রেন্ডনের কাছে। তিনি আবার বলটি তুলে দেন প্রতিপক্ষের গোলপোস্টের সামনে ফাঁকা জায়গায়। ছুটে এসে মাথা দিয়ে জালে জড়িয়ে দেন ডেভিড এনগগ।
অন্য ম্যাচে মারলেম সুলেজমেনির গোলে ১৬ মিটিটেই এগিয়ে যায় আয়াক্স। গোল খেয়েই যেন খেলায় ছন্দ খুঁজে পায় জুভেন্টাস। সমতা ফেরায় ৩১ মিনিটেই। গোলটি করেন জুভেন্টাসের ওলিভিয়েরা অ্যামোরি।
খেলার ৫৮ মিনিটে আরেকটি গোল করে দলের জয় নিশ্চিত করেন অ্যামোরি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৮১৪ ঘ.
bdnews24