ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিপক্ষের মাঠ সানসিরোতে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছে ইংলিশ লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার ওয়েন রুনির জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগে সাত বারের চ্যাম্পিয়ন এসি মিলানকে ৩-২ গোল ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল'র লড়াইয়ের দুই লেগের প্রথম পর্বে এসি মিলানকে পেছনে ফেলে এগিয়ে গেল ম্যান ইউ। এদিকে ইংলিশ লিগে স্টোক সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করে ম্যানচেস্টার সিটি।
অন্য দিকে, চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল'র অপর ম্যাচে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে অলিম্পিক লিঁও। নিজেদের মাঠে লিঁও টানা তৃতীয় জয় তুলে নিলেও রিয়ালের জন্য এটা ছিলো প্রতিপক্ষের মাটিতে মৌসুমের প্রথম পরাজয়। ৪৭ মিনিটে লিঁওর ক্যামেরুন তারকা জ্যঁ মাকুন দলকে জয়সূচক গোলটি এনে দেন।
নিজেদের মাঠে কখনো ম্যান ইউর কাছে না হারা অথবা দুই লেগে কখনো তাদের হারাতে না পারার এসি মিলানের বহুদিনের গর্বকে মাড়িয়ে দিয়ে ম্যান ইউকে এগিয়ে দেন সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার রুনি। অপরদিকে নিজের পুরনো ক্লাবের বিপক্ষে এসি মিলানকে সাফল্য এনে দিতে পারেননি এসি মিলানের ইংলিশ তারকা ডেভিড বেকহ্যাম।
উত্তেজনা পুর্ণ ম্যাচে মাত্র ৩ মিনিটেই ম্যান ইউকে পেছনে ফেলে দিয়েছিলো মিলান। মধ্যমাঠ থেকে মাসিমো আমব্রোসিনির শটটি প্রতিপক্ষ খেলোয়াড়ের পা ঘুরে পেনাল্টি সীমানায় থাকা গৌচো রোনালদিনহোর পায়ে এলে দুর্দান্ত শটে গোল করে মিলানকে ১-০ তে এগিয়ে দেন রোনালদিনহো। ৩৬ মিনিটে প্রতিপক্ষের গোলটি শোধ করেন ম্যান ইউর পল স্কোলেস। ১-১ ব্যবধানেই প্রথমার্ধ শেষ হয়।
বদলি খেলোয়াড় অ্যান্তনিও ভ্যালেন্সিয়ার উড়িয়ে দেওয়া পাস থেকে হেডের সাহায্যে গোল করে ম্যান ইউকে ২-১ ব্যবধানে এগিয়ে মৌসুমে দলের সর্বোচ্চ স্কোরার রুনি। ৭৪ মিনিটে ড্যারেন ফ্লেচারের পাস থেকে আবারো হেডে গোল করে রেড ডেভিলসের ৩-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
৮৫ মিনিটে রোনালদিনহোর পাস থেকে ক্লারেন্স সিডর্ফ গোল করে এসি মিলানের পক্ষে ব্যবধান ৩-২ এ নামিয়ে আনেন। তুমুল প্রাণবন্ত ম্যাচে বাকি সময়ে কোনো গোল না এলেও অতিরিক্ত সময়ের তিন মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় ম্যান ইউর মাইকেল ক্যারিককে।
ইংলিশ লিগে মঙ্গলবার শেষ মুহুর্তের গোলে স্টোক সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচ শেষ হওয়ার মাত্র ৫ মিনিট আগে গ্যারেথ ব্যারির সমতাসূচক গোলে পয়েন্ট তালিকায় লিভারপুরকে টপকে সেরা চারে জায়গা করে নিয়েছে রবার্তো মানচিনির দল।
৬ হলুদ কার্ড ও এক লালকার্ডের ম্যাচে ৫৩ মিনিটে নিজেদের মাটিতেই দশজনের দলে পরিণত হয় স্টোকসিটি। স্টোক অধিনায়ক আবদুলায়ে ফায়ে প্রতিপক্ষের ইমানুয়েল আদেবায়োরকে ফেলে দিলে রেফারি সরাসরি লাল কার্ড দেখান ফায়েকে। একজন কম নিয়েও ম্যাচের ৭২ মিনিটে গোল করে এগিয়ে যায় স্টোকসিটি। প্রতিপক্ষের গোলপোস্টের অদূরে থাকা সুযোগ সন্ধানী হোয়েলান ১-০ ব্যবধানে এগিয়ে দেন স্টোককে।
৮৫ মিনিটে আদেবায়োরের পাস থেকে বল পেয়ে গোল করে ম্যান সিটিকে ফেরায় গ্যারেথ ব্যারি।
ম্যানসিটি ২৫ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে এক পয়েন্ট পেছনে ফেলেছে তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলা লিভারপুলকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এমআই/১৩৫০ ঘ.
bdnews24