২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাজিকিস্তানের বিপক্ষে ভালো খেলতে চায় বাংলাদেশ

দক্ষিণ এশিয়ান গেমসে শিরোপা জয়ের টাটকা অভিজ্ঞতা নিয়ে শ্রীলঙ্কায় এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবলে অংশ নিতে গেছে বাংলাদেশ ফুটবল দল। মঙ্গলবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই এ গ্রুপের প্রতিপক্ষ তাজিকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2010, 04:00 PM

Updated : 24 Aug 2022, 06:49 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ এশিয়ান গেমসে শিরোপা জয়ের টাটকা অভিজ্ঞতা নিয়ে শ্রীলঙ্কায় এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবলে অংশ নিতে গেছে বাংলাদেশ ফুটবল দল। মঙ্গলবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই এ গ্রুপের প্রতিপক্ষ তাজিকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শ্রীলঙ্কা সময় বিকেল চারটায় কলম্বোর সুগাথাদাস স্টেডিয়ামে খেলা হবে। অভিজ্ঞ এবং তারুণ খেলোয়াড় নিয়ে গড়া বাংলাদেশ দল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলতে চায়। কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে হলে গ্রুপ পর্বের খেলায় অন্তত রানার্সআপ হতে হবে আমিনুলদের। উদ্বোধনী ম্যাচে তাজিকিস্তানের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিতে পারলে পরবর্তী রাউন্ডে খেলার পথে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর মিডিয়া এবং যোগাযোগ কর্মকর্তা এ এস আল ফাতাহ শ্রীলঙ্কা থেকে পাঠানো এক প্রতিবেদনে জানিয়েছেন, দলের প্রধান কোচ শফিউল বারি টিটোর প্রত্যাশা এসএ গেমসের ধারাবাহিকতা ধরে রাখা। কোচ বলেন, "তাজিকিস্তান কঠিন প্রতিপক্ষ। তারপরও আমাদের লক্ষ্য ভালো ফুটবল খেলা, যা কাজে দেবে পরের দুই ম্যাচ মিয়ানমার এবং শ্রীলঙ্কার বিপক্ষে।" কোচের কথার সঙ্গে সুর মিলিয়েছেন অধিনায়ক আমিনুল হকও, "আমাদের প্রধান লক্ষ্যই ভালো খেলা। খেলোয়াড়রা সবাই ফুরফুরে মেজাজে আছে। আশা করছি এসএ গেমসের ধারাবাহিকতা এখানেও ধরে রাখতে পারবো।" বাফুফে মিডিয়া ম্যানেজার জানিয়েছেন, বাংলাদেশকে মোটেও হাল্কাভাবে নিচ্ছে না তাজিকিস্তান। রোববার দুপুরে ঢাকা থেকে রওয়ানা দিয়ে থাইল্যান্ড হয়ে সোমবার সাকালে কলম্বো পৌঁছায় বাংলাদেশ ফুটবল দল। বিকেলে সুগাথাদাস স্টেডিয়ামে অনুশীলনও করেছেন খেলোয়াড়রা। বাংলাদেশ দল গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলবে ১৮ ফেব্রুয়ারি মিয়ানমারে বিপক্ষে। ২০ ফেব্রুয়ারি গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবেন আমিনুলরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১৫৬ ঘ.