২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরে যাচ্ছেন ফুটবল কোচ জোরান

নিজের অবস্থান থেকে সরে আসেননি জাতীয় ফুটবল দলের সার্বিয়ান কোচ জোরান জর্জেভিচ। কাজী সালাউদ্দিনের অনুরোধ উপেক্ষা করে দেশে ফিরে যাচ্ছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2010, 03:24 PM

Updated : 24 Aug 2022, 06:46 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের অবস্থান থেকে সরে আসেননি জাতীয় ফুটবল দলের সার্বিয়ান কোচ জোরান জর্জেভিচ। কাজী সালাউদ্দিনের অনুরোধ উপেক্ষা করে দেশে ফিরে যাচ্ছেন তিনি। চার বছরের চুক্তির দাবি নিয়ে শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির সঙ্গে বৈঠকে বসেন জোরান। বৈঠকে সালাউদ্দিন কোচকে জানিয়ে দেন, শ্রীলঙ্কা যাওয়ার আগে তার সঙ্গে কোনো চুক্তি হবে না। এতেই রেগে গিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন জোরান। আলোচনা ব্যর্থ হওয়ার পরই সাংবাদিকদের বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন,"কোচের সঙ্গে আমাদের ১৬ হাজার ডলারের প্যাকেজ চুক্তি ছিল। কথা ছিলো তিনি এসএ গেমস ও চ্যালেঞ্জ কাপ এ দু'টি টুর্নামেন্টে কোচিং করাবেন। কিন্তু এখনই তিনি ৪ বছরের জন্য প্রায় ৭ কোটি টাকার চুক্তি দাবি করছেন। এই চুক্তি করা আমাদের পক্ষে সম্ভব নয়।' তিনি বলেন,"আগে কখনো এমন বিপাকে পড়িনি। আমি তাকে এমনও প্রস্তাব দিয়েছিলাম এএফসি চ্যালেঞ্জ কাপের জন্য আরো ১৬ হাজার ডলার দেওয়া হবে। আপনি দল নিয়ে কলম্বো যান। আমি সেখানে গিয়ে আপনার সঙ্গে চুক্তি করবো। কিন্তু আমার কোন কথাই তিনি শোনেননি। এক কথাই বলেছেন, আপনি আগে আমার চাহিদা পুরণ করেন। এরপর কলম্বো যাবো। নইলে না।" এসএ গেমসে বাংলাদেশকে সাফল্য এনে দেওয়ায় প্রশংসা কুড়িয়েছিলেন জোরান। শুধু ফুটবল কর্মকর্তাই নয়, দর্শক সমর্থকদেরও মন জয় করে নিয়েছিলেন। কিন্তু বাংলাদেশ দলের সাফল্যের পরই বাফুফের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন দীর্ঘ মেয়াদে চুক্তির দাবি নিয়ে। চুক্তি না হলে এএফসি চ্যালেঞ্জ কাপে জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করবেন না বলেও হুমকি দিয়েছিলেন। গত কয়েক দিন দলকে অনুশীলনও করাননি। এমনকি ফুটবলারদের সঙ্গেও দেখা পর্যন্ত করেননি সার্বিয়ান এই কোচ। এর প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সালাউদ্দিন বলেন,'তিনি আমাদের সঙ্গে প্রতারণা করছেন। আমি খুবই হতাশ। এসএ গেমসে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই উনার চেহারা বদলে গেছে। কিন্তু তিনি একা এসএ গেমসে সাফল্য এনে দেননি। ১৫ দিনের প্রশিক্ষণেই স্বর্ণ আসেনি। এর পেছনে খেলোয়াড়, কর্মকর্তাসহ দেশের সবার অবদান রয়েছে।" আগামী আগস্টের মধ্যেই নতুন বিদেশি কোচ আনারও প্রতিশ্রতি দেন বাফুফে সভাপতি। অন্যদিকে, ফুটবল ভবন ছেড়ে যাওয়ার সময় বাফুফে কর্মকর্তাদের গালাগালও করেছেন জোরান। কর্মকর্তাদের দুর্নীতিবাজ অভিহিত করে তাকে বেতন, বোনাস দেওয়া হয়নি বলে অভিযোগ তোলেন। সাংবাদিকরা কর্মকর্তাদের দুনীর্তির প্রমাণ চাইলে কোনো উত্তর দেননি জোরান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসএ/জিএনএ/২০৩৮ঘ.