লন্ডন, ফেব্রুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোড়ালিতে চোট পাওয়ায় আগামী তিন মাস দর্শক হয়েই থাকতে হচ্ছে চেলসির রক্ষণভাগের খেলোয়াড় অ্যাসলে কোলকে।
গুডিসন পার্কে বুধবার এভারটনের আক্রমণভাগের খেলোয়াড় ল্যান্ডন ডোনোভানের কাছ থেকে বলের দখল নেয়ার সময় গোড়ালিতে আঘাত পান তিনি। খেলায় চেলসি ২-১ গোলে হেরে যায় এভারটনের কাছে। তারপরও পয়েন্ট তালিকার শীর্ষে আছে চেলসি।
চেলসি জানিয়েছে, আগামী মে'র মাঝামাঝি সময় দলে ফিরবেন কোল। ফলে বিশ্বকাপে তার খেলা কিছুটা অনিশ্চত হয়ে পড়েছে। এ বছরই বিশ্বকাপ ফুটবল হবে দক্ষিণ আফ্রিকায়।
ইংলিশ কোচ ফ্যাবিও ক্যাপেলো বলে আসছেন, শুধুমাত্র পুরোপুরি সুস্থ খেলোয়াড়ই তার বিশ্বকাপ দলে সুযোগ পাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৭৫৭ ঘ.
bdnews24