ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে খেলার জন্য নির্বাচিত ২০ ফুটবলারের সবাই বৃহস্পতিবার ফুটবল ফেডারেশনে রিপোর্ট করেছেন। তবে দেখা মেলেনি এসএ গেমসে দলের সাফল্যের স্থপতি কোচ জোরান জর্জেভিচের।
ক্যাম্পে উপস্থিত খেলোয়াড়দের অনুশীলন তো করাননি, এমনকি তাদের সঙ্গে দেখাও করেননি বাংলাদেশ দলের সার্বিয়ার এই কোচ।
কেন নিজেকে দূরে সরিয়ে রেখেছেন জোরান? এই প্রশ্নের উত্তর দিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)-এর সহ-সভাপতি বাদল রায়। তিনি বলেন, "এসএ গেমসে চ্যাম্পিয়ন হওয়ার পরই কোচ দাবি তুলেছেন ৪ বছরের জন্য তার সঙ্গে চুক্তি করতে হবে। নইলে, দলের দায়িত্ব নেবেন না। বিপত্তিটা বেধেছে সেখানেই। আমরা তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু তিনি তার অবস্থানে অটল রয়েছেন।"
বাদল রায় বলেন, "ফুটবল দল নতুন একটি প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে। কিন্তু এসএ গেমসে সাফল্যের অন্যতম নায়ক জোরান আসেননি।"
এদিকে জোরানকে নিয়ে বিপত্তি দেখা দেয়ায় চ্যালেঞ্জ কাপে অংশ নিতে বাংলাদেশ ফুটবল দলের কলম্বো যাত্রাও পিছিয়ে গেছে। ১২ তারিখেই তাদের কলম্বো যাওয়ার কথা ছিল।
এসএ গেমসে বাংলাদেশ দলের সেমিফাইনালে ওঠার পর থেকেই জোরান বলে আসছেন তার সঙ্গে মাত্র এক মাসের চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অথচ বাফুফের দাবি, চুক্তি অনুযায়ী চ্যালেঞ্জ কাপেও তার দায়িত্ব পালন করার কথা। বাদল রায় জানান, তার সঙ্গে জানুয়ারি ও ফেব্র"য়ারি মাস পর্যন্ত আমাদের চুক্তি রয়েছে। বুধবার রাতে আমরা তাকে নিয়ে আলোচনায় বসেছি। কিন্তু তিনি বলছেন তার সঙ্গে মাত্র একমাসের জন্য চুক্তি হয়েছে।
সাংবাদিকদের বাফুফে সহ-সভাপতি বলেন, "এসএ গেমসের পর থেকেই নায়ক বনে গেছেন জর্জেভিচ। তাই আমরাও তাকে রাখতে চাই। চ্যালেঞ্জ কাপের দলও নির্বাচন করা হয়েছে তার মতামতের ভিত্তিতে। কিন্তু তিনি তার অবস্থানে অটল থাকায় আমরা চরম বিব্রতকর একটা অবস্থায় পড়েছি।" কোচের মান নিয়ে বাফুফের কোনো সংশয় নেই বলে তিনি জানান।
তবে কোচ যদি শেষ পর্যন্ত এএফসি চ্যালেঞ্জ কাপে দলের দায়িত্ব না নেন, তাহলে তার সঙ্গে কোনো চুক্তি হবে কিনা-সে ব্যাপারে মন্তব্য করতে অস্বীকার করেন বাদল রায়।
চ্যালেঞ্জ কাপের জন্য নির্বাচিত ফুটবলারদের ইম্পেরিয়াল হোটেলে রাখার ব্যবস্থা করা হয়েছে।
সেখান থেকেই বৃহস্পতিবার বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন করতে যান ফুটবলাররা।
বর্তমানে জুরিখে অবস্থানকারী বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দীন ১২ ফেব্র"য়ারি দেশে আসবেন। এরপরই কোচের ব্যাপারে একটা সুরাহা হতে পারে। এ কথা ভেবেই বাংলাদেশ দলের শ্রীলঙ্কা যাত্রা একদিন পিছিয়ে দেয়া হয়েছে। ১৩ ফেব্র"য়ারি বাংলাদেশ দলের কলম্বোর উদ্দেশে রওনা দেয়ার কথা। দলে ২০ ফুটবলার ছাড়াও ১০ জন কোচ, স্টাফ ও কর্মকর্তা রয়েছেন।
১৬ ফেব্র"য়ারি থেকে কলম্বোতে শুরু হচ্ছে এএফসি কাপের চূড়ান্ত পর্বের খেলা।
উদ্বোধনী দিনেই বাংলাদেশ খেলবে তাজিকিস্তানের বিপক্ষে। গ্র"পে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা ও মিয়ানমার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসএ/টিআর/২১০৩ ঘ.
bdnews24