ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ চার দলই মাঠে নেমেছিল বুধবার। তবে হেসেছে কেবল আসের্নাল। একমাত্র গোলে হারিয়েছে তারা লিভারপুলকে। এভারটনের বিপক্ষে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে গেছে চেলসি। জয় পায়নি বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডও। তারা ১-১ গোলে ড্র করে অ্যাস্টন ভিলার সঙ্গে।
এভারটনের মাঠে ফ্লোরেন্ট মালুদার গোল এগিয়ে যায় চেলসি। তবে শেষ পর্যন্ত আঁচড় পড়েনি এভারটনের গায়ে। লুই সাহার জোড়া গোলে এভারটনের কাছে চেলসিকে হার মানতে হয় ২-১ গোলে। এ হারের ফলে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান হারানোর আশঙ্কাও ছিল ব্লুজদের। কিন্তু দিনের অপর ম্যাচে অ্যাস্টন ভিলার সঙ্গে ড্র করে চেলসিকে পেছনে ফেলার সুযোগ নষ্ট করেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যান ইউ।
প্রথমার্ধের ১৭ মিনিটেই দ্রগবার কাছ থেকে বল পেয়ে মালুদার গোলে এগিয়ে যায় চেলসি। কিন্তু ৩৩ মিনিটে মার্কিন তারকা লন্ডন ডোনোভানের কাছ থেকে উড়ন্ত বল পেয়ে মাথা দিয়ে গোল করে এভারটনকে সমতায় ফেরান লুই সাহা। প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল এভারটন। কিন্তু লুই সাহার শট চেলসির গোলরক্ষক অসাধারণ দক্ষতায় আটকে দেন। তবে দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে আবারো গোল করে এভারটনের জয় নিশ্চিত করেন তিনি।
অ্যাস্টন ভিলার মাঠে প্রথমার্ধের ২৮ মিনিটে স্টিলিয়ান পেত্রোভের বিপক্ষ ফাউল করায় লাল কার্ড পান ম্যানচেস্টার ইউনাইটেডের ন্যানি। এরপর দশজনকে নিয়ে খেলেও ভিলার সঙ্গে ১-১ গোলে ড্র করে ম্যান ইউ। তবে গোল দু'টি হয় ন্যানির বিদায় নেয়ার আগেই, প্রথমার্ধের ১৯ থেকে ২৩ মিনিটের মধ্যে। ১৯ মিনিটে কার্লোস কুলিয়ারের গোলে এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। চার মিনিট পরই গোল শোধ করেন ম্যান ইউর জেমস কলিনস।
এখন ২৬ ম্যাচে চেলসির পয়েন্ট দাঁড়ালো ৫৮। সমান খেলায় ৫৭ পয়েন্ট নিয়ে ব্লুজদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রেড ডেভিলসরা।
এদিকে টানা তিন ম্যাচ হারের পর আর্সেনালকে জয় উপহার দিয়েছেন ভাসিরিকি দিয়াবাই। নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে কোনো পক্ষই গোল করতে পারেনি। ৭২ মিনিটে দিয়াবাইয়ের গোলে লিভারপুলের কাছ থেকে পুরো পয়েন্ট আদায় করে নেয় আর্সেনাল।
দিনের অন্য ম্যাচের মধ্যে ব্ল্যাকবার্ন ১-০ গোলে হাল সিটিকে, ওয়েস্টহ্যাম ২-০ গোলে বার্মিহামকে এবং উলভস ১-০ গোলে টটেনহ্যাম হটস্পারকে হারিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২১০৪ ঘ.
bdnews24