ঢাকা, ফেব্রুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উশুর তিনটি ইভেন্টে সোমবার সোনা জিতেছে বাংলাদেশ, ভারত ও নেপাল।
সিলেট বিকেএসপিতে উশু প্রতিযোগিতার শেষদিনে পুরুষদের ন্যানকুয়ান অ্যান্ড ন্যানডাউ অলরাউন্ড (তাউলু) ইভেন্টে ভারতের এস সমরজিদকে পেছনে ফেলে সোনা জিতে নেন বাংলাদেশের মেজবাহউদ্দিন। ১৮.২২ স্কোর করে সোনা জয় করেন তিনি। রুপা জয়ী ভারতের সমরজিদের স্কোর ছিল ১৮.২। শ্রীলঙ্কার আর রুবিন্দ্রা সিলভা পান ব্রোঞ্জ, স্কোর ছিল ১৮.০১।
পুরুষদের চাংকুয়ান অ্যান্ড ডাসু অলরাউন্ডে সোনা জয় করেন ভারতের দেওয়ান সিং। তার স্কোর ছিল ১৮.৭৩। ১৮.৩২ স্কোর করে রুপা জেতেন নেপালের বিকাশ গুরুং। ব্রোঞ্জ জয়ী পাকিস্তানের ইব্রাহিমের স্কোর ছিল ১৮.২৪।
মেয়েদের তাইজিকুয়ান (তাউলু) ইভেন্টে ৮.৮৫ স্কোর করে সোনা জেতেন নেপালের বিনিতা মহাজন। ৮.৫৫ স্কোর করে ভারতের সনাতঙ্গি চানু রুপা পান। শ্রীলঙ্কার দানুসি থারাকা জয় করেন ব্রোঞ্জ, স্কোর ছিল ৮.০২।
এর আগে উশুতে মেয়েদের ইভেন্টে সোনা জেতেন বাংলাদেশের মেয়ে ইতি ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/১৯৩৬ ঘ.
bdnews24