ঢাকা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তায়কোয়ান্দোতে সোনায় মেড়ানো আরেকটি দিন। অনেকটা অপ্রত্যাশিতভাবেই দেশকে স্বর্ণ উপহার দিয়েছেন গ্রামের দস্যি মেয়ে শাম্মি আক্তার।
তিনি যখন লড়াই করছিলেন জাতীয় ক্রীড়াপরিষদ জিমনেসিয়ামে উপস্থিত দর্শকরা তখন যেন তার পেছনে গিয়ে দাঁড়িয়েছিলেন। যে যেভাবে পারেন, উৎসাহ দিচ্ছিলেন চিৎকার করে। গমগমে আওয়াজে কান পেতে দাঁড়িয়ে থাকাই দায় হয়ে ওঠে। সমর্থন পেয়ে শাম্মি যেন আরো বেশি তেজি হয়ে ওঠেন। পয়েন্ট পাওয়ার জন্য লাথি হাকাচ্ছিলেন সামিয়ার কোমড়, পিঠ ও মাথায়। শেষ রাউন্ড জিতেই ফেটে পড়েন উল্লাসে।
ছোট বেলায় দস্যিপনার জন্য বড়দের কাছে কত যে বকুনি খেয়েছেন। তারপরও তার সহজাত চঞ্চলতা বিন্দুমাত্র কমেনি। তাইতো ২০০৭ সালে আনসারে চাকরি নেয়ার পর খেলা হিসেবে বেছে নেন তায়কোয়ান্দোকে।
তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা আনসার থেকে নিয়ে এসেছিলেন শাম্মিকে। বাংলাদেশের কোরীয় কোচ মাস্টার লি জু সাংকে দিয়ে টানা তিন বছর প্রশিক্ষণ দিয়ে তাকে গড়ে তোলেন এসএ গেমসের জন্য। মাঝে হঠাৎই বিয়ে করে গ্রামের বাড়ি মাগুড়ার বামনপুর চলে যান। অনেক বুঝিয়ে তাকে আবার নিয়ে আসা হয় এসএ গেমসের প্রশিক্ষণ ক্যাম্পে। কাজটি যদিও মোটেই সহজ ছিল না।
এত ঝক্কি-ঝামেলার পরও অপ্রত্যাশিত এই সাফল্যে বেজায় খুশি শাম্মি। বলেন, "প্রতিটি খেলোয়াড়ের লক্ষ্য থাকে আন্তর্জাতিক গেমসে পদক জেতা। সাফল্য পেয়ে আমি দারুণ খুশি।"
ছয় ভাই-বোনের মধ্যে সবার ছোট শাম্মি। পদক জয়ের পরই বড় ভাই জামিরুল ইসলামকে মুঠো ফোনে খবরটি দেন শাম্মি। অপর প্রান্ত থেকে ভাইয়ের যেন বিশ্বাসই হচ্ছিলো না তার ছোট বোনের কথা। তাই বোনের কাছে ফের জানতে চান সত্যিই কি জিতেছিস! উত্তর, হ্যাঁ, সত্যিই জিতেছি। এ থেকে আর বোঝার বাকি থাকে না পরিবারের কাছে এখনো দস্যি মেয়ে হিসেবেই পরিচিত শাম্মি।
একটি সাফল্যই বদলে দিতে পারে মানুষের জীবন। তার উদাহারণ যেন শাম্মি। ছয় মাস আগেও যিনি ক্যাম্প ছেড়ে পালিয়েছিলেন, সেই মেয়েটিই এখন তায়কোয়ান্দোকে আঁকড়ে ধরে বড় হওয়ার স্বপ্ন দেখছেন। বলেন, "স্বপ্ন ছিল লেখাপড়া করে একদিন বড় মানুষ হব। এখন আর সেটা সম্ভব নয়। আজ থেকে আমার লক্ষ্য এই খেলাকে আঁকড়ে ধরে এগিয়ে যাওয়া। কারণ এই খেলাই আমাকে বড় করবে। তায়কোয়ান্দোই আমাকে সম্মান দেবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/ঘ
bdnews24