২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকিতে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ

অনেক কষ্টে শ্রীলঙ্কাকে হারিয়ে এসএ গেমস হকির ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে রোববার অতিথিদের ২-১ গোলে হারায় তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2010, 09:53 AM

Updated : 24 Aug 2022, 06:40 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনেক কষ্টে শ্রীলঙ্কাকে হারিয়ে এসএ গেমস হকির ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে রোববার অতিথিদের ২-১ গোলে হারায় তারা। ছন্দহীন খেলা, অপরিকল্পিত আক্রমণ বাংলাদেশের হকির অন্যতম বৈশিষ্ট হয়ে ওঠে খেলায়। শ্রীলঙ্কার মতো প্রতিপক্ষের সামনেও নিজেদের প্রায় হারিয়ে ফেলেছিলেন স্বাগতিক দলের খেলোয়াড়রা। এর খেসারত দিতে হয় ১৮ মিনিটে গোল হজম করে। গোল করেন মুলাফের। অনেক চেষ্টার পর ৫০ মিনিটে মাঝ মাঠের খেলোয়াড় আশিকের গোলে খেলায় সমতা ফেরায় বাংলাদেশ। এরপরই নিজেদের কিছুটা গুছিয়ে নেয় বাংলাদেশ। বেশ কয়েকটি পরিকল্পিত আক্রমণও করে। ৬৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে মামুনুর রহমান চয়ন গোল করে এগিয়ে নেন বাংলাদেশকে। যদিও এই পেনাল্টি কর্ণার নিয়ে বিতর্ক দেখা দেয়। পাকিস্তানের আম্পায়ার কামরান শরিফ শুধু পেনাল্টি কর্নার দিয়েই ক্ষান্ত হননি, শ্রীলঙ্কার একজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করেন। কয়েক মিনিট আগেই আরেক খেলোয়াড়কে হলুদ কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়েছিলেন তিনি। এর প্রতিবাদে প্রায় দু'মিনিট খেলা বর্জণ করেন শ্রীলঙ্কার খেলোয়াড়রা। খেলা শেষে আম্পায়ারের ওপর চড়াও হন অতিথি দলের খেলোয়াড়রা। কর্মকর্তারা অনেক কষ্টে পরিস্থিতি সমাল দেন। তাই খেলা শেষে শ্রীলঙ্কার কোচ মুলাফা কণ্ঠে ছিল ক্ষোভ। তিনি অভিযোগ করেন, "বাংলাদেশ আয়োজক। তারা যা খুশি, তাই করতে পারে। নিজেদের প্রয়োজনে তারা হেন কাজ নেই করতে পারে না।" অন্যদিকে বাংলাদেশ দলের এমন বাজে খেলার কারণ ব্যাখ্যা করতে গিয়ে কোচ গেরহার্ড পিটার রাক বলেন, "প্রচণ্ড চাপ নিয়ে মাঠে নেমেছিল ছেলেরা। কর্মকর্তারা ব্রোঞ্জ পাওয়ার জন্য তাদের চাপ দিয়েছিলেন। বলেছিলেন, শ্রীলঙ্কাকে কম করে হলেও ৫-০ গোলে হারাতে হবে। এছাড়া এর আগে কলম্বোয় এই শ্রীলঙ্কার কাছে হেরেই ব্রোঞ্জ হারিয়েছিল বাংলাদেশ। এত চাপ নিতে পারেনি ছেলেরা।" ২০০৬ সালে কলম্বোয় গ্র"প পর্বে স্বাগতিক শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারালেও স্থান নির্ধারণী ম্যাচে ২-০ গোলে হার মানতে হয়েছিল বাংলাদেশকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৩৩১ ঘ.