২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বলবয় থেকে এসএ গেমসের মঞ্চে দুলাল

বল বয়, এরপর ক্যাডি (গলফের স্টিক বহনকারী)। সর্বশেষ পরিচয় এসএ গেমসের সোনা জয়ী গলফার, যার হাত ধরে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। এসএ গেমসে বেজেছে জাতীয় সঙ্গীত। উড়ানো হয়ছে জাতীয় পতাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2010, 06:21 PM

Updated : 24 Aug 2022, 06:37 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বল বয়, এরপর ক্যাডি (গলফের স্টিক বহনকারী)। সর্বশেষ পরিচয় এসএ গেমসের সোনা জয়ী গলফার, যার হাত ধরে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। এসএ গেমসে বেজেছে জাতীয় সঙ্গীত। উড়ানো হয়ছে জাতীয় পতাকা। অতি-সাধারণ এই ছেলেটির জীবন সংগ্রামের কথা শুনতে পেলে বিশ্বসেরা গলফার টাইগার উডস হয়তো আঁতকে উঠবেন। বিস্ময়ের সঙ্গে বাহবা জানাতে যুক্তরাস্ট্রেই সংবাদ সম্মেলন ডেকে বসতে পারেন তিনি। দুলাল জানেন এর কোন কিছুই হবে না। টাইগার উডসদেরও জানা হবে না বিশ্বের অন্যতম দামি খেলা গলফের চর্চা করেন বাংলাদেশের হতদরিদ্র বল বয়রা। দেশের জন্য তারাই বয়ে আনেন সম্মান। অথচ তাদের খোঁজ নেয়ার মত উদার মানুষ কোথায়? স্বর্ণ জয়ের পর সে আক্ষেপই করছিলেন দুলাল হোসেন, "আমার খুব দুঃখ হয়। দেশের জন্য আমরা সোনা জয় করি। অথচ কেউ আমাদের খোঁজ নেয় না। আমাদের প্রচার-প্রচারণা নেই। সব সময়ই আর্থিক সঙ্কটে থাকতে হয়।" রুটি রুজির জন্য সেনাবাহিনীর গলফ কোর্সে ৮ বছর আগে বল বয় হিসেবে চাকরি নিয়েছিলেন দুলাল হোসেন। দুই বছর বল বয় হিসেবে কাটানোর পর ক্যাডি হিসেবে পদোন্নতি হয়। অভিজাত গলফারদের স্টিক বহন করতে করতে এক সময় হাতে খড়ি হয় গলফে। ধীরে উন্নতি করতে থাকেন দুলাল হোসেন। সেনা-কর্মকর্তাদের নজর কেড়ে নিতেও বেশি সময় লাগেনি। ক্যাডি হিসেবে বছর ঘুরতে না ঘুরতেই এক সময় গলফার হিসেবে টুর্নামেন্ট খেলতে নামেন। এভাবেই আত্মপ্রকাশ ঘটে একজন গলফারের। এরই মধ্যে বেশ কয়েকটি দেশে অপেশাদার গলফ টুর্নামেন্টে অংশ নিয়েছেন দুলাল হোসেন। যদিও প্রথম সাফল্য পেলেন একাদশ এসএ গেমসে। এখনো অপেশাদার বিভাগেই খেলছেন দুলাল। তবে দু'বছর পর পেশাদার গলফে নাম লেখানোর ইচ্ছে আছে তার। আর এই গলফ খেলেই রোজগার করে গরিব বাবা-মার মুখে হাসি ফোটাতে চান দুলাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/০০০৮ ঘ.