ঢাকা, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসএ গেমস সাঁতারের দ্বিতীয় দিনও হতাশায় কাটলো বাংলাদেশের। শনিবার মোট পাঁচটি ইভেন্টে মাত্র তিনটি ব্রোঞ্জ পেয়েছে স্বাগতিকরা। আর পাঁচটি সোনার চারটিই গেছে ভারতের ঘরে। একটি জিতেছে শ্রীলঙ্কা।
সাঁতারে চারটি ইভেন্টেই ছিল ছেলেদের। এর সবগুলোতে হয়েছে দক্ষিণ এশিয়ান গেমসের নতুন রেকর্ড। ৪০০ মিটার ফ্রি-স্টাইলে (পুরুষ) সোনা এবং রুপা জিতেছে ভারত। নতুন রেকর্ড গড়ে প্রথম হয়েছেন গগন ওলালমাথ। ৪ মিনিট ৪.৮৫ সেকেন্ড সময় নেন তিনি। এর আগের রেকর্ড ছিল ৪ মিনিট ৫.৯৪ সেকেন্ড। ৪ মিনিট ৭.৪১ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন মান্দার বিভাস। পাকিস্তানের ইশরার হোসেন ৪ মিনিট ২৪.৮৫ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন।
৫০ মিটার ফ্রি-স্টাইলেও নতুন রেকর্ড হয়েছে। ভারতের বিক্রম খাদে ২৩.৭৩ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন। আগের রেকর্ড ছিল ২৩.৮৯ সেকেন্ড। ১৯৯৫ সালে মাদ্রাজ গেমসে রেকর্ডটি করেছিলেন ভারতের সুবাস্তিয়ান আভিয়ার। সাঁতারের এ ইভেন্টেও রুপা জিতেছে ভারত। ২৪.৪২ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন অরুন অ্যাজেল ডিসোজা। ব্রোঞ্জ পেয়েছেন বাংলাদেশের মাহফুজুর রহমান ২৪.৫৩ সেকেন্ড সময় নিয়ে।
মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাইতে সোনা ও রুপা জিতেছে ভারত। এক মিনিট ৫.৭৪ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন রিচা মিশ্র। স্বদেশি ভান্দিতা ধারিয়াল এক মিনিট ০৮.৪০ সেকেন্ড সময় নিয়ে রুপা জেতেন। ব্রোঞ্জ পান শ্রীলঙ্কার শশীপ্রভা সমরাকোন, এক মিনিট ১০.৩৮ সেকেন্ড সময় নেন তিনি। বাংলাদেশের সোনিয়া আক্তার টুম্পা হয়েছেন চতুর্থ।
পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকেও আগের রেকর্ড (০১.০০.১১) ভেঙ্গে দিয়েছেন শ্রীলঙ্কার হেশান বান্দারা। তিনি এক মিনিটেরও কম ৫৮.৯৮ সেকেন্ড নিয়ে প্রথম হন। দ্বিতীয় স্থান অধিকারী ভারতের মেলকটে বাদ্রিনাথও আগের রেকর্ড মুছে দিয়েছেন। ৫৯.০৮ সেকেন্ড সময় নেন তিনি। ব্রোঞ্জ জয়ী স্বাগতিক দলের রুবেল রানা সময় নেন এক মিনিট ০২.৬৫ সেকেন্ড।
পুরুষদের ৫০ মিটার বাটারফ্লাই-এ নতুন রেকর্ড করেছেন ভারতের বিধোয়াল বিক্রম খাদে। তিনি সময় নেন ২৫.৫৪ সেকেন্ড। দ্বিতীয় একই দেশের অর্জুণ মুরালিধরণ সময় নিয়েছেন ২৬.১৫ সেকেন্ড। বাংলাদেশের অনিক ইসলাম ২৬.৬১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পান। এই ইভেন্টে আগের রেকর্ড ছিল ২৫.৯৭ সেকেন্ড।
সাঁতারের দু'দিনে ভারত জিতেছে ৮টি সোনা, ৪টি রুপা ও ১টি ব্রোঞ্জ। শ্রীলঙ্কা জিতেছে ২টি সোনা, ৩টি রুপা ও ৩টি ব্রোঞ্জ। বাংলাদেশ ৩টি রুপা ও ৫টি ব্রোঞ্জ। পাকিস্তান জিতেছে ২টি ব্রোঞ্জ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২১৭ ঘ.
bdnews24