২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উশুতে এক সোনা ছাড়াও দুই ব্রোঞ্জ

উশুতে ছেলেরা না পারলেও মেয়েরা পেরেছে। তারা একটি সোনা ও দুটি ব্রোঞ্জ পদক উপহার দেন দেশকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2010, 04:11 PM

Updated : 24 Aug 2022, 06:37 PM

ঢাকা, ফেব্রুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উশুতে ছেলেরা না পারলেও মেয়েরা পেরেছে। তারা একটি সোনা ও দুটি ব্রোঞ্জ পদক উপহার দেন দেশকে। সিলেট বিকেএসপিতে উশুর ৬টি ইভেন্টে খেলা হয়। ছেলেদের ৩টি ইভেন্টের দু'টিতেই সোনা জেতে পাকিস্তান। অপর সোনাটি জিতে নেয় ভারত। উশুর পুরুষ বিভাগে কোনো পদক পায়নি বাংলাদেশ। তবে পুরোপুরি হতাশায় ডোবেনি স্বাগতিকরা। একটি সোনা ও দুটি ব্রোঞ্জ পদক এনে দেন মেয়েরা। উশুর অপর দু'টি সোনা জেতে ভারত। মেয়েদের ৪৮ কেজি ওজন শ্রেণীতে বাংলাদেশের ফাহমিদা ইয়াসমিন আরজু ব্রোঞ্জ জেতেন। ভারতের সানাথল দেবী সোনা ও আফগানিস্তানের জাহরা ওরজা পান রুপা। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণীতে সোনা জিতে উশুতে সবচে বড় সুখবরটি দেন ইতি ইসলাম। রুপা পান শ্রীলঙ্কার উশান্তি লাকমালিক। ব্রোঞ্জ পদক জেতেন দু'জন, পাকিস্তানের নাজিয়া পারভেজ ও আফগানিস্তানের মারি দানিম্বর। ৬০ কেজি ওজন শ্রেনীতে বাংলাদেশকে অপর ব্রোঞ্জটি এনে দেন বাসনা ইসলাম। ভারতের সন্ধ্যা রানী জেতেন সোনা, আফগানিস্তানের সুর্য সালাহসুর পান রুপা। পুরুষদের ৬০ কেজি ওজন শ্রেণীতে পাকিস্তানের সৈয়দ মারাতিব আলি শাহ আফগানিস্তানের আমিরশাহ আমিরজিকে হারিয়ে সোনা জেতেন। এ শ্রেনীতেও ব্রোঞ্জ জেতেন দু'জন, নেপালের সুরাঞ্জন দাইনাইসিং ও শংকর সুবেদী। ৬৫ কেজি ওজন শ্রেণীতে পাকিস্তানের মাজ খান শ্রীলঙ্কার দাম্মিকা আবেরাথনাকে হারিয়ে সোনা জয় করেন। এই শ্রেণীতেও ব্রোঞ্জ পান দু'জন ভারতের জয় সিং ও আফগানিস্তানের মোহাম্মদ মাহফুজওয়াফা। ৭০ কেজি ওজন শ্রেণীতে ভারতের রবিন্দার বালারা নেপালের পুরুষোত্তম রিজালকে হারিয়ে প্রথম হন। এ শ্রেণীতেও ব্রোঞ্জ পান দু'জন, পাকিস্তানের আসগর হোসেন ও আফগানিস্তানের তাজাগুল লৌগারি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২১৪৫ ঘ.