২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তায়কোয়ান্দোর সোনা জয়ী সেই মেয়েটি

তায়কোয়ান্দোতে চমক দেখালেন বাংলাদেশের মেয়ে শারমিন ফারজানা রুমি। শনিবার দেশকে স্বর্ণ উপহার দেন তিনি, অনেকটা অপ্রত্যাশিতভাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2010, 02:37 PM

Updated : 24 Aug 2022, 06:38 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তায়কোয়ান্দোতে চমক দেখালেন বাংলাদেশের মেয়ে শারমিন ফারজানা রুমি। শনিবার দেশকে স্বর্ণ উপহার দেন তিনি, অনেকটা অপ্রত্যাশিতভাবে। পঞ্চগড়ের তেতুলিয়া থানার আজিজ নগরের মেয়ে শারমিন ফারজানা রুমি স্কুল জীবনে হ্যান্ডবল খেলতেন। খেলার সুবাদে বাংলাদেশ আনসারে একটি চাকরিও পান। কিন্তু ২০০৪ সালে আনসার হ্যান্ডবল দল থেকে বাদ পড়েন ফারজানা। এরপরই তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা আনসারের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাকে নিয়ে আসেন। নতুন করে অজানা গন্তব্যের পথে রওয়ানা হন সহজ সরল মেয়েটি। তায়কোয়ান্দোর কোরিয়ান কোচ মাস্টার লি'র নির্দেশনা অক্ষরে অক্ষরে মেনে চলায় খুব দ্রুত উন্নতি করেন। দুই বছরের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিতও করে ফেলেন কোরিয়ার মার্শাল আর্ট তায়কোয়ান্দোতে। ২০০৬ সালে জাতীয় চ্যাম্পিয়নশিপে ৪৬ কেজি ওজন শ্রেণীতে প্রথম হন। ওই বছরই কলম্বোয় দশম সাফ গেমস খেলতে যান। কিন্তু কোন পদক পাননি। এবারও যে পদক পাবেন তেমন আশাও ছিল না। এমনকি, লিগামেন্টে চোট থাকায় তার এসএ গেমসে খেলাও প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল। অনেকটা ভাগ্যের জোরেই সুযোগ পেয়ে যান। এরপরই বাজিমাত। সোনা জেতার পর শারমিন ফারজানা রুমি বলছিলেন, "দেশের জন্য আমি এই সম্মান বয়ে আনতে পেরেছি, এটাই আমার গর্ব। কোন প্রত্যাশা ছাড়াই গেমস শুরু করেছিলাম। কিন্তু সেমিফাইনালে নেপালের ইয়ান কুমারিবকে হারানোর পরই আমার আত্মবিশ্বাস বেড়ে যায়। তখন মনে হয়েছে আমি পারবো। চেষ্টা করেছি, সফলও হয়েছি।" এই সাফল্যের জন্য কৃতিত্ব দিয়েছেন কোচ মাস্টার লি এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানাকে। বলছিলেন, "কোচ এবং রানা 'স্যার'র কাছে আমি কৃতজ্ঞ। তাদের আন্তরিক সহযোগিতার কারণেই আমি এত দূর আসতে পেরেছি।" গ্রামের গরীব পরিবারের সন্তান হয়েও কোনো লোভ নেই ফারজানার। দেশকে সোনা উপহার দেয়ার বিনিময়ে কারো কাছেই কোনো কিছু প্রত্যাশা করছেন না। বলেন, "আমি কারো কাছে কিছু চাই না। কেউ যদি খুশি হয়ে কিছু দেয়, তাতেই আমি সন্তুষ্ট।" এরই মধ্যে সরকার ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জয়ী অ্যাথলিটদের আর্থিক পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে। রাষ্ট্রের এই উপহারের পাশাপাশি তায়কোয়ান্দো ফেডারেশন থেকেও হয়তো নগদ আর্থিক পুরস্কার দেবে। কর্মস্থল আনসার থেকেও মিলবে বোনাস। সব মিলে পিতৃহীন আট ভাই-বোনের সংসার, এবার কিছুটা হলেও হয়তো গুছিয়ে নেয়ার সুযোগ পাবেন তিনি। চার ভাই ও চার বোনের মধ্যে সবার ছোট শারমিন ফারজানা। বড় ভাইয়ের প্রেরণাতেই খেলা-ধুলায় আসা। তার ছয় বছর বয়সে বাবা রইস উদ্দিন মারা যান। তখন থেকেই ভাইরাই দেখ-ভাল তাকে বড় করেছেন। ফারজানার ইভেন্টে রুপা জিতেছেন আফগানিস্তারেন লায়লা হুসাইন। আর ব্রোঞ্জ পেয়েছেন দু'জন নেপালের ইয়ান কুমারিব ও পাকিস্তানের কিরণ বানেব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০৩৬ ঘ.