ঢাকা, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসএ গেমস অ্যাথলেটিক্সের উদ্বোধনী দিনের ছয়টি ইভেন্টের মধ্যে তিনটিতেই সোনা জিতেছে ভারত। দু'টি বিভাগে শ্রেষ্ঠত্ব দেখিয়েছে শ্রীলঙ্কা। অন্য সোনাটি জিতেছে পাকিস্তান। স্বাগতিক বাংলাদেশ মাত্র দু'টি ব্রোঞ্জ পেয়েছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার দিনের প্রথম ইভেন্ট পুরুষদের ১৫০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন শ্রীলঙ্কার চামিন্দা ইন্ডিকা বিজয়কোন। তিনি সময় নেন ৪ মিনিট ১০.০১ সেকেন্ড। ভারতের সুনিল কুমার ৪ মিনিট ১০.৫৭ সেকেন্ড সময় নিয়ে রুপা এবং শ্রীলঙ্কার পিএইচ চামিল ব্রোঞ্জ পেয়েছেন ৪ মিনিট ১০.৯৭ সেকেন্ড সময় নিয়ে।
মেয়েদের ২০০ মিটারে শ্রীলঙ্কার চন্দ্রিকা সুবাকশিনী সোনা জিতেছেন। তিনি সময় নেন ২৪.৪৯ সেকেন্ড। একই দেশের পারমিলা প্রিয়দর্শিনী ২৪.৬৩ সেকেন্ড সময় নিয়ে রুপা এবং ভারতের জায়না মারমা ২৪.৮৭ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন।
পুরুষদের ২০০ মিটারে সোনা জিতেছেন ভারতের আব্দুল নাজিব কুরায়শি। ২১.১৬ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন তিনি। ২১.১৯ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন শ্রীলঙ্কার শেহান আবে পিটিয়া। তৃতীয় হন পাকিস্তানের লিয়াকত আলী। ২১.২৭ সেকেন্ড সময় নেন তিনি।
ছেলেদের চাকতি নিক্ষেপে সোনা পেয়েছেন পাকিস্তানের বশরাত আলী। তিনি চাকতি নিক্ষেপ করেছেন ৫২.৪৩ মিটার দূরে। ভারতের সিমরানজিত সিং ৪৯.১৮ মিটার দূরে চাকতি পাঠিয়ে রুপা পেয়েছেন। ব্রোঞ্জ পদক পেয়েছেন বাংলাদেশের আজহারুল ইসলাম। চাকতি নিক্ষেপ করেন তিনি ৪৪.৯৮ মিটার দূরে।
লং জাম্পে পুরুষদের বিভাগে ভারতের মোহাম্মদ ইব্রার লাফিয়ে ৭.৪৪ মিটার দূরত্ব অতিক্রম করে সোনা জেতেন। শ্রীলঙ্কার নয়না প্রসাদ ৭.২৫ মিটার দূরত্ব পার হয়ে রুপা এবং স্বাগতিক বাংলাদেশের আল আমিন ৭.১৯ মিটার অতিক্রম করে ব্রোঞ্জ পান।
পুরুষদের ৪০০ মিটার দৌড়ে ভারতের বালামুরুকান্তি ৫২.২৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন। দ্বিতীয় হয়েছেন দু'জন, পাকিস্তানের নেয়াজ হক ও ভারতের এভিন টমাস। তারা সময় নেন ৫২.৫২ সেকেন্ড। ফটোফিনিশিং দেখে দুজনকেই রুপা বিজয়ী ঘোষণা করা হয়। তাই তৃতীয় স্থানের জন্য কোনো পুরস্কার দেয়া হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/১৯২৩ ঘ.
bdnews24