ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের সঙ্গে ৩-৩ গোলে ড্র করায় এসএ গেমস হকির ফাইনাল খেলা হলো না বাংলাদেশের। এখন ব্রোঞ্জের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে স্বাগতিকদের। রোববারের ফাইনালে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান।
টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল হিসেবে ফাইনাল খেলছে আটবারের অলিম্পিক চ্যাম্পিয়ন ভারত। চার ম্যাচে তিন জয় ও এক ড্র করে ১০ পয়েন্ট নিয়ে গ্র"প চ্যাম্পিয়ন হয় তারা। অন্যদিকে চার ম্যাচের তিনটি জিতে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে চারবারের বিশ্বকাপ জয়ী পাকিস্তান।
মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে বাংলাদেশের শুরুটা ছিলো দারুণ। দ্বিতীয় মিনিটে ভারতের পেনাল্টি কর্নার আটকে দেন গোলরক্ষক কিরণ মেহরাব। চতুর্থ মিনিটে বিশ্ব চ্যাম্পিয়নদের পরিকল্পিত আক্রমণও ঠেকিয়ে দেন তিনি।
এরই মধ্যে আক্রমণ ও পাল্টা-আক্রমণে জমে ওঠে ম্যাচ। ১৫ মিনিটে পাল্টা-আক্রমণে চালিয়ে নিশ্চিত গোলে সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। জিমির বাড়িয়ে দেয়া বল রিভার্স হিটে ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠান মাঝ মাঠের খেলোয়াড় সাজ্জাদ জন। ২০ মিনিটে কামরুজ্জামানের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বক্সের ভেতরে একজনকে কাটিয়ে কামরুজ্জামানকে বল ঠেলে দেন শেখ নান্নু।
ঠিক দশ মিনিট পরই ব্যবধান বাড়ায় বাংলাদেশ। মোস্তফার বাড়িয়ে দেয়া বলে গোল করেন আক্রমণভাগের খেলোয়াড় পুস্কর খিষা। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে স্বাগতিক দল। কিন্তু দ্বিতীয়ার্ধে আগের বাংলাদেশকে খুঁজে পাওয়া যায়নি। ৫২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমায় ভারত। গোল খেয়ে রক্ষণাত্মক কৌশল নেয় স্বাগতিক দল। প্রতিপক্ষের দুর্বলতার সুযোগ ঠিকই কাজে লাগায় ভারত। টানা আক্রমণ করে শেষ ১১ মিনিটে আরো দুই গোল করে।
বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে সমান তালে লড়ে যাওয়ায় খুবই খুশি জার্মান কোচ গেরহার্ড পিটার রাক। তবে আক্ষেপও রয়েছে গলায়, "আমাদের দুর্ভাগ্য। শেষ পর্যন্ত পেরে উঠিনি। তবে ছেলেরা অনেক ভালো খেলেছে।"
এগিয়ে থেকেও শেষপর্যন্ত ভারতের কাছে পয়েন্ট খোয়ানোর কারণ হিসেবে দলের অভিজ্ঞতার ঘটতিকেই বড় করে দেখছেন গেরহার্ড। তিনি বলেন, "ভারতের এই দলে বেশ কয়েকজন খেলোয়াড় আছেন, যারা বিশ্বকাপ খেলেছেন। তাদের হারাতে সময় লাগবে।"
একই মাঠে পাকিস্তান গ্র"পে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে। পাকিস্তানের পক্ষে গোল দু'টি করেন মহসিন বিলাল ও অধিনায়ক সাবতাইন রাজা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৮৫৩ ঘ.
bdnews24