২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাডমিন্টনের ৭ স্বর্ণের সবই ভারতের

ভারতের একচ্ছত্র আধিপত্যের মধ্য দিয়ে শেষ হলো এসএ গেমস ব্যাডমিন্টন। ৭টি স্বর্ণের সবগুলোই গেছে ভারতের ঘরে। ছেলে এবং মেয়েদের দলীয় স্বর্ণ পদক দুটো আগেই জিতে নেয়ার পর বৃহস্পতিবার জিতেছে একক, দ্বৈত ও মিশ্রের বাকি পাঁচটি স্বর্ণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2010, 01:48 PM

Updated : 24 Aug 2022, 06:35 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের একচ্ছত্র আধিপত্যের মধ্য দিয়ে শেষ হলো এসএ গেমস ব্যাডমিন্টন। ৭টি স্বর্ণের সবগুলোই গেছে ভারতের ঘরে। ছেলে এবং মেয়েদের দলীয় স্বর্ণ পদক দুটো আগেই জিতে নেয়ার পর বৃহস্পতিবার জিতেছে একক, দ্বৈত ও মিশ্রের বাকি পাঁচটি স্বর্ণ। জাতীয় উডেন ফ্লোর জিমনেসিয়ামে স্বদেশির বিপক্ষে লড়াইয়ে ছেলেদের এককে স্বর্ণ ধরে রেখেছেন চেতন আনন্দ। একই ইভেন্টে মেয়েদের স্বর্ণ জিতেছেন সায়ালি গোখলে। মেয়েদের দ্বৈতে স্বর্ণ জিতেছেন অপর্ণা বালান ও শ্র"তি কুরিয়েন। পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন রুপেশ কুমার ও সানভি থমাস জুটি। মিশ্রে ডিজু ভেলিয়াত্তি ও ঐশ্বিনী পুনাপ্পা জয় করেন স্বর্ণ। ছেলে-মেয়ে উভয় বিভাগের একক, দ্বৈত ও মিশ্রের ফাইনাল উঠেছিলেন ভারতীয়রাই। তাই যেই জিতুক পদক ভরতের। ফাইনালে স্বদেশি আরএমভি গুরুসাই দত্তকে ২-০ সেটে হারিয়ে চেতন আনন্দ নেচেছেন মনের আনন্দে। তিনি প্রথম সেট জেতেন ২১-১৬ পয়েন্টে। দ্বিতীয় সেট জেতেন আরো সহজে, ২১-৮ পয়েন্টে। পুরুষদের দ্বৈতে রুপেশ কুমার ও সানভি থমাস প্রতিপক্ষ চেতন আনন্দ ও ডিজু ভেলিয়াত্তিকে প্রথম সেটে হারান খুবই সহজে। চেতন আর ডিজু দ্বিতীয় সেট আর না খেলায় রুপেশ ও সানভি জুটিকেই চ্যাম্পিয়ন ঘোষণা করেন ম্যাচ কর্মকর্তারা। শারীরিক দুর্বলতার কারণ দেখিয়ে মাঠ ছাড়েন চেতন ও ডিজু জুটি। মেয়েদের এককে রানি বদল হয়েছে। গতবারের চ্যাম্পিয়ন তৃপ্তি মুরগুন্ডি নিজের মুকুট হারিয়েছেন স্বদেশি সায়ালি গোখলের কাছে। ফাইনালে প্রথম সেট জেতেন তিনি ২১-১৬ পয়েন্টে। দ্বিতীয় সেটেও তার আধিপত্য ফুটে উঠেছিল স্পষ্ট। ৭-৩ পয়েন্ট পর্যন্ত খেলা হওয়ার পরই হার মেনে নেন তৃপ্তি মুরগুন্ডি। তিনিও কারণ দেখান শারীরিক দুর্বলতা। মেয়েদের দ্বৈতে অপর্ণা বালান ও শ্র"তি কুরিয়েন জুটি ২-০ সেটে হারিয়েছেন থুলাসি পিসি ও ঐশ্বিনী পুনাপ্পাকে। মিশ্রে ডিজু ভেলিয়াত্তি ও ঐশ্বিনী পুনাপ্পা জুটি ২-০ সেটে হারিয়েছেন সানাভি থমাস ও অপর্ণা বালানকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৯৪২ ঘ.