ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসএ গেমসে বাংলাদেশের কপালে কলঙ্কের তিলক এঁকে দিলো সাইক্লিং ফেডারেশন।
সেমাবার মেয়েদের ৫০ কিলোমিটার রোড রেস ম্যাস স্টার্ট প্রতিযোগিতায় বাংলাদেশের সাইক্লিস্ট মার্মা ফাতেমা চিংবাইকে মোটরসাইকেল দিয়ে ঠেলে এগিয়ে দেন সাইক্লিং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক অলি।
চিংবাই সবাইকে পেছনে ফেলে স্বর্ণ দাবি করলেও চুরির বিষয়টি রাস্তায় অবস্থানরত মার্কার এবং বিচারকদের চোখে ধরা পড়ে। ধারণ করা হয় টেলিভিশন ক্যামেরাতেও।
এ কারণে চিংবাইকে টুর্নামেন্টে অবৈধ ঘোষণা করেন বিচারকরা।
তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে মার্মা ফাতেমাকে অযোগ্য ঘোষণা করার কথা জানান সাইক্লিং ইভেন্টের চিফ কমিশনার ওমর ইব্রাহিম।
একই ইভেন্টে অবৈধভাবে সংক্ষিপ্ত পথে গিয়ে পদক জেতার চেষ্টা করেন ফারহানা সুলতানা শিলা। বাগেরহাটের ফকিরহাট থেকে ফিরে আসার সময় নির্ধারিত পথে না এসে তিনি সংক্ষিপ্ত পথ বেছে নেন। এই বিষয়টি ধরা পড়ায় তাকেও টুর্নামেন্টে অবৈধ ঘোষণা করা হয়।
এ ব্যাপারে এস এ গেমসের স্থানীয় সাংগঠনিক কমিটির যুগ্ম আহবায়ক খুলনা জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি আজমল আহমেদ তপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুঃখজনক এ ঘটনার কথা তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব কুতুব উদ্দিন আহমেদকে টেলিফোনে জানিয়েছেন।
বিওএ মহাসচিব ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বলে তিনি জানান।
এ ঘটনা তদন্তে বিকালে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বিওএ।
বাংলাদেশ দলের শেফ দ্য মিশন মিজানুর রহমান মানুর নেতৃত্বে গঠিত কমিটির অপর দুই সদস্য বাদল রায় ও জোবায়দুর রহমান রানা।
২৪ ঘণ্টার মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/ডিডি/টিআর/০০৫০ ঘ.
bdnews24