লন্ডন, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ দল চেলসির সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর্সেনালকে ৩-১ গোলে হারায় বর্তমান চ্যাম্পিয়ন ম্যান ইউ। অপর ম্যাচে পোর্টসমাউথের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি।
এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল বর্তমান চ্যাম্পিয়ন ম্যান ইউয়ের সঙ্গে প্রথমার্ধে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে। ৩৩ মিনিটে লুই ন্যানির গোল হজম করতে হয় আর্সেনালকে, গোলরক্ষকের অসাবধানতায়। চার মিনিট পরই ব্যবধান বাড়ান ওয়েন রুনি। ৫২ মিনিটে জি-সুং পার্কের গোলে আরো এগিয়ে যায় ম্যান ইউ। তবে ম্যাচের ৮০ মিনিটে টমাস ভার্মুলেনের গোলে ব্যবধান ৩-১ এ কমিয়ে আনে আর্সেনাল।
২৪ ম্যাচে ম্যান ইউয়ের পয়েন্ট ৫৩ পয়েন্ট। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট আর্সেনালের। ৫৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে চেলসি।
এদিকে নিজেদের মাঠে ইমানুয়েল আদেবায়োর ও ভিনসেন্ট কোম্প্যানির গোলে ২-০ তে পোর্টসমাউথকে হারিয়ে সেরা চারে থাকার সম্ভাবনা জাগিয়ে তুলেছে শেখ মনসুরের দল ম্যান সিটি। ২২ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে আছে ম্যান সিটি। ২৪ ম্যাচে টটেনহ্যামের পয়েন্ট ৪২।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/১৪৫২ ঘ.
bdnews24