ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন বাংলাদেশ ফুটবল লিগে শুক্রবার মিথুন চৌধুরীর জোড়া গোলের সুবাদে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ ব্যবধানে হারিয়েছে মুক্তিযোদ্ধা।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল জাতীয় স্টেডিয়ামে খেলার শুরু থেকেই মাঠের দখল নিয়ে নেয় ব্রাদার্স। দলের ব্রাজিলের মাঝমাঠের খেলোয়াড় এভারটন ও আক্রমণভাগের খেলোয়াড় বেনটিলের নেতৃত্বে ব্রাদার্সের খেলোয়াড়রা বারবার হানা দিতে থাকেন মুক্তিযোদ্ধার রক্ষণভাগে। ফলে সারাক্ষণই তটস্থ থাকেন রক্ষণভাগের খেলোয়াড়রা।
কিন্তু ভাগ্যদেবী দাঁড়াননি ব্রাদার্সের পাশে। ১৭ মিনিটে ফয়সাল মাহমুদের দুর্দান্ত একটি শট মুক্তিযোদ্ধার গোলরক্ষক বিপ্লব দারুণ দক্ষতার সঙ্গে রক্ষা করেন।
পাঁচ মিনিট পর অসাধারণ একটি শট নেন এভারটন। কিন্তু সেটি রুখে দেন বিপ্লব।
খেলার ধারার বিপরীতে ৩৯ মিনিটে গোল করে বসেন মুক্তিযোদ্ধার মিথুন চৌধুরী। কর্নার শট নেন জাহেদ পারভেজ। বল পেয়ে যান বক্সের বাইরে দাঁড়ানো মিথুন। সরাসরি শটে ব্রাদার্সের জালে বল জড়িয়ে দেন তিনি।
অবশ্য এর পরই ব্রাদার্স ম্যানেজার আমের খানের নেতৃত্বে কয়েকজন কর্মকর্তা গোল হয়নি বলে দাবি করেন। তাদের যুক্তি ছিল, মিথুনের শট ছেঁড়া জাল দিয়ে ভেতরে ঢোকে। জাল ছেঁড়া দেখে রেফারি আজাদ রহমানও কিছুটা চিন্তায় পড়ে যান।
কিছুটা সময়ের জন্য উত্তেজনাও ছড়িয়ে পড়ে মাঠে। সে সময় খেলা বন্ধ থাকে প্রায় দশ মিনিট। পরে ভিডিও চিত্র দেখে রেফারি নিশ্চিত হন গোলরক্ষকের হাতে লেগে জাল ছিঁঁড়ে যায়।
বিরতির পরও খুব একটা উজ্জীবিত ছিল না মুক্তিযোদ্ধা। গোল শোধের জন্য আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাদার্স। ৬০ মিনিটে নাইজেরিয়ার আক্রমণভাগের খেলোয়াড় বুকোলার কাছ থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন মিথুন।
খেলা শেষে ব্রাদার্স কোচ খন্দকার ওয়াসিম ইকবাল হারের জন্য আক্রমণভাগের খেলোয়াড়দেরই দায়ী করেন। তিনি বলেন, "সহজ সুযোগগুলো কাজে লাগাতে পারলে খেলায় জেতা অসম্ভব কিছু ছিল না। ভাগ্যও অবশ্য সহায়তা করেনি।"
মুক্তিযোদ্ধা কোচ মারুফুল হক বলেন, "আমার দলের জয়ে আমি খুশি নই। কারণ খেলোয়াড়রা ভালো খেলতে পারেনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২১৪৪ ঘ.
bdnews24