ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চুক্তির মেয়াদ শেষে হওয়ার আগেই বুধবার রাতে দেশে ফিরে গেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সার্বিয়ান কোচ জোরান কার্লেভিচ।
রাত ৯ টায় ট্রেনার দাবর বারবারকে সঙ্গে নিয়ে সার্বিয়াগামী বিমানে ওঠেন কার্লেভিচ।
কার্লেভিচ ও বারবারের সঙ্গে মেয়াদ আগামী মার্চ পর্যন্ত হলেও মাঝপথে চুক্তি বাতিল হওয়ায় তাদের ডিসেম্বর পর্যন্ত পাওনা বুঝিয়ে দেয় ঘরোয়া ফুটবলের নতুন শক্তি শেখ জামাল।
অবশ্য একটা পর্যায়ে ক্লাবের কয়েকজন কর্মকর্তা কার্লেভিচকে রাখার শেষ চেষ্টা করলেও সভাপতি মঞ্জুর কাদেরের অনিচ্ছায় সে উদ্যোগ ভেস্তে যায়। তিনি এখন চেষ্টা করছেন বিকেএসপির ভারতীয় ফুটবল কোচ ভিরুমলকে পেশাদার লিগের জন্য 'আপদকালীন' দায়িত্ব দিতে।
ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল জানান ৬ জানুয়ারি মুক্তিযোদ্ধার বিপক্ষে ম্যাচের আগেই নতুন কোচ পেতে যাচ্ছেন আমিনুলরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/২০৫৭ ঘ.
bdnews24