ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার বোল্টন ওয়ান্ডারার্সকে ১-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে চেলসি। সমান ব্যবধানে লিভারপুলের বিপক্ষে জয় পেয়েছে উলভারহ্যাম্পটন। আর আর্সেনাল ২-২ গোলে ড্র করে উইগান অ্যাথলেটিকের সঙ্গে।
নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে খেলার শুরু থেকে বোল্টনকে চেপে ধরে চেলসি। গোলের দেখা পেতে একের পর এক আক্রমণ চালাতে থাকে বোল্টনের রক্ষণভাগে।
অন্য দিকে বোল্টনও ছেড়ে কথা বলেনি। পাল্টা আক্রমণ চালিয়ে জমিয়ে তোলে খেলা। ফলে প্রথমার্ধ শেষ হয় গোল ছাড়াই।
বিরতির পর মরিয়া ওঠে দ্য ব্লুজরা। খেলার ৬১ মিনিটে দিদিয়ের দ্রগবা বল ঠেলে দেন ফ্লোরেন্ত মালুদার কাছে। বল পেয়ে বোল্টনের গোলরক্ষককে ফাঁকি দিতে বিন্দু মাত্র ভুল করেননি মালুদা।
ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল চেলসি।
অ্যাথলেটিকের মাঠে বল দখলের লড়াইয়ে এগিয়েছিল আর্সেনাল। কিন্তু খেলার ১৮ মিনিটে লরেন্ত কসসিয়েলনি বিপদ সীমানায় উইগানের মাঝমাঠের খেলোয়াড় চার্লস নজোগবিয়াকে অবৈধভাবে ফেলে দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে গোল করে উইগানকে এগিয়ে নিতে ভুল করেননি বেন ওয়াটসন।
৩৯ মিনিটে অ্যান্ড্রু আর্শাভিনের দুর্দান্ত শট উইগানের জালে আশ্রয় নিলে সমতায় ফেরে আর্সেনাল। বল বানিয়ে দেন নিকোলাস বেনডটনার।
পাঁচ মিনিট পর আর্সেনালের আক্রমণভাগের খেলোয়াড় নিকোলাস বেনডটনারের পা ছুঁয়ে বল প্রতিপক্ষের জালে জড়ালে ব্যবধান দাঁড়ায় ২-১ এ।
জ্যাক উইলশেয়াকে বাজেভাবে ফেলে দিলে খেলার ৭৮ মিনিটে চার্লস নজোগবিয়াকে লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি।
কিন্তু এগিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি আর্সেনালের। ৮১ মিনিটে হুগো রডালেগার শট মাথা দিয়ে ক্লিয়ার করতে যেয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন আর্সেনালের ডিফেন্ডার সেবাস্তিয়ান স্কুইলাচি।
ফলে দশজনের উইগানের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করেই ফিরতে হয় আর্সেন ওয়েঙ্গারের দল আর্সেনালকে।
১৮ খেলায় ম্যানইউ'র পয়েন্ট ৩৮। দুই ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে ম্যান সিটি। ১৯ খেলায় ৩৬ পয়েন্ট নিয়ে তৃতীয় আর্সেনাল। সমান খেলায় ৩৪ পয়েন্ট নিয়ে চর্তুথ চেলসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৮৫৮ ঘ.
bdnews24