২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনালের কাছে চেলসির হার

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে পিছনে ফেলে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল। সোমবার ৩-১ গোলে হারায় তারা বর্তমান চ্যাম্পিয়ন চেলসিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2010, 02:58 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে পিছনে ফেলে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল। সোমবার ৩-১ গোলে হারায় তারা বর্তমান চ্যাম্পিয়ন চেলসিকে। নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আটঘাট বেঁধেই নামে আর্সেনাল। গোলের জন্য চেলসির রক্ষণভাগ ভাঙ্গার চেষ্টা চালাতে থাকে খেলার শুরু থেকেই। ফল পেয়ে যায় খেলার ৪৪ মিনিটে। সেস ফেব্রেগাসের কাছ থেকে বল পেয়ে দলকে এগিয়ে নেন আর্সেনালের মাঝমাঠের খেলোয়াড় অ্যালেক্স সং। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে দলটি। বিরতির পর আরো আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দু'দলই। কিন্তু পিছিয়ে পড়ে চেলসি। ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেব্রেগাস। তাকে বল বানিয়ে দেন থিও ওয়ালকট। দু'মিনিট পর ফেব্রেগাসের ঠেলে দেয়া বল ধরেন থিও ওয়ালকট। দুর্দান্ত শটে চেলসির কফিনে শেষ পেরেকটি ঠুকতে বিন্দু মাত্র ভুল করেননি তিনি। খেলার ৫৭ মিনিটে চেলসির আক্রমণভাগের খেলোয়াড় গায়েল কাকুতাকে অবৈধভাবে ফেলে দেন ওয়ালকট। ফ্রি-কিক নেন দিদিয়ের দ্রগবা। সেই বল ব্রানিস্লাভ ইভানোভিচ পাঠিয়ে দেন আর্সেনালের জালে। ম্যানচেস্টার ইউনাইটেড ১৭ খেলায় ৩৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। এক ম্যাচ বেশি খেলে দু'পয়েন্ট কম নিয়ে দলটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্সেনাল। সমান পয়েন্ট নিয়ে ম্যাচ ব্যবধানে পিছিয়ে থাকায় ম্যান সিটি রয়েছে তিন নম্বরে। ৩১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০৩৫ ঘ.