ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোচ গোরান কার্লেভিচকে বরখাস্ত করার পরদিন মঙ্গলবার তাকে আবার চুক্তি অনুযায়ী কোচের দায়িত্ব পালন করে যাওয়ার প্রস্তাব দেয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কিন্তু তা নাকচ করে দেন তিনি।
ক্লাবের ম্যানেজার আনোয়ারুল করিম জানান, "সোমবার তাকে বরখাস্ত করা হলেও মঙ্গলবার সকালে আবার তার সঙ্গে আমরা আলোচনা করেছি। সব কিছু ভুলে গিয়ে তাকে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেছি। কিন্তু কার্লেভিচ নিজেই আর দায়িত্ব পালন করতে চাইছেন না।"
নাম প্রকাশে অনিচ্ছুক ক্লাবের এক কর্মকর্তা জানান, শেখ জামালের সঙ্গে কাজ করার জন্য একটি প্রস্তাব অবশ্য দেন কার্লেভিচ। তবে সেই সঙ্গে শর্ত জুড়ে দেন নতুন করে চুক্তি করতে হবে তার সঙ্গে। চুক্তির সব টাকাও দিতে হবে এক সঙ্গে।
কিন্তু ক্লাব কর্মকর্তারা তা মেনে নেননি বলে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, পুরনো চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে কিছুতেই কার্লেভিচের সঙ্গে নতুন চুক্তি করতে রাজি নন তারা। কোচের সঙ্গে ক্লাবের চুক্তির মেয়াদ ছিল এ বছরের মার্চ পর্যন্ত।
তাই কার্লেভিচের হাতে তার দেশ সার্বিয়ায় ফেরার টিকেট তুলে দেয়া হয়েছে বলে জানান আনোয়ারুল করিম। দেনা-পাওনা মিটে যাওয়ার পর ঢাকা ত্যাগ করবেন কার্লেভিচ। এ জন্য তাকে হয়তো আরো দু-একদিন ঢাকায় থাকতে হবে।
এদিকে শেখ জামাল এখনো নতুন কাউকে কোচ হিসেবে নিয়োগ দেয়নি। এ ব্যাপারে মঙ্গলবার ক্লাব কর্মকর্তাদের আলোচনায় বসার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এনআই/১৯৩৮ ঘ.
bdnews24