২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউ ও ম্যান সিটির জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। এই জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান ধরে রাখলো ম্যান ইউ ও দ্বিতীয় স্থানে পৌঁছেছে নগর প্রতিদ্বন্দ্বী ম্যান সিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2010, 02:05 PM

Updated : 25 Aug 2022, 07:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। এই জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান ধরে রাখলো ম্যান ইউ ও দ্বিতীয় স্থানে পৌঁছেছে নগর প্রতিদ্বন্দ্বী ম্যান সিটি। দিমিতার বার্বাতোভের জোড়া গোলের সুবাদে ম্যানচেস্টার ইউনাইটেড ২-০ ব্যবধানে হারায় সান্ডারল্যান্ডকে। আরেক খেলায় ম্যানচেস্টার সিটি ৩-১ গোলে জেতে নিউক্যাসলের বিপক্ষে। ম্যান সিটির পক্ষে দুই গোল করেন কার্লোস তেভেজ। নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে আটঘাট বেঁধেই খেলতে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। কিছুক্ষণের মধ্যে মাঠের দখল নিয়ে নেয় তারা। তাই ফল পেতে খুব একটা দেরি হয়নি। ওয়েন রুনির উড়িয়ে মারা বল আক্রমণভাগের খেলোয়াড় দিমিতার বার্বাতোভ মাথা দিয়ে পাঠিয়ে দেন সান্ডারল্যান্ডের জালে। বিরতির পর গোলের সংখ্যা বাড়াতে একের পর এক আক্রমণ চালাতে থাকে ম্যান ইউ। অন্যদিকে গোল শোধের জন্য সান্ডারল্যান্ডও পাল্টা আক্রমণ চালাতে থাকে। ফলে জমে ওঠে খেলা। সান্ডারল্যান্ড গোলের দেখা না পেলেও ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ওই বার্বাতোভ। তাকে বল বানিয়ে দেন অলিভেরা অ্যান্ডারসন। জেমস পার্কে খেলার মাত্র দু'মিনিটে ক্যারেথ বারি'র দুর্দান্ত শট নিউক্যাসলের জালে আশ্রয় নেয়। তিন মিনিট পর কার্লোস তেভেজ গোলরক্ষককে ফাঁকি দিয়ে ব্যবধান নিয়ে যান ২-০ তে। বিরতির পর ৭২ মিনিটে জোয়ে বার্টনের কাছ থেকে বল পেয়ে একটি গোল শোধ করেন নিউক্যাসলের আক্রমণভাগের খেলোয়াড় অ্যান্ড্রু ক্যারল। খেলার ৮১ মিনিটে নিউক্যাসলের কফিনে শেষ পেরেকটি ঠোকেন ওই তেভেজই। দিনের অন্যান্য খেলায় টটেনহ্যাম হটস্পার ২-১ গোলে হারায় অ্যাস্টন ভিলাকে। স্টোক সিটি ২-০ ব্যবধানে ব্ল্যাকবার্নকে ও সমান ব্যবধানে বোল্টন ওয়ান্ডারার্স হারায় ওয়েস্ট ব্রমকে। উলভার হ্যাম্পটন ১-২ গোলে হার মানে উইগান অ্যাথলেটিকের কাছে। আর ওয়েস্ট হ্যাম ৩-১ গোলে জিতে ফুলহ্যামের বিপক্ষে। ১৭ খেলায় ৩৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। দু'ম্যাচ বেশি খেলে ৩৫ পয়েন্ট নিয়ে দলটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নগর প্রতিদ্বন্দ্বী ম্যান সিটি। ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আর্সেনাল। এক পয়েন্ট কম নিয়ে চার নম্বরে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯৪৭ ঘ.