জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দর্শকদের হাঙ্গামায় আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলা পণ্ড হয়ে গেছে।
পরে প্রতিযোগিতার আয়োজক কমটি খেলাটি পরিত্যক্ত ঘোষণা করে।
আয়োজক কমিটির সদস্য দেবব্রত মজুমদার বলেন, টেকনিক্যাল কমিটির সভায় এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে স্বাগতিক জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে চূড়ান্ত খেলা শুরু হয় শনিবার দুপুর দু'টায়।
খেলার প্রথমার্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় এক গোল করে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে জাহাঙ্গীরনগর গোল শোধ করে। এরপরই উত্তেজিত হয়ে দর্শকরা মাঠে ঢুকে পড়ে।
শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের সঙ্গে তাদের হাতাহাতি। এক পর্যায়ে মাঠ ছেড়ে চলে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুটবলাররা। এরপর আর মাঠে নামেনি তারা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ সদস্যরা মাঠে ঢুকে উভয় পক্ষের হাতাহাতি থামান।
প্রতিযোগিতা শুরু হয় গত সোমবার। অংশ নেয় ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/১৮২১ ঘ.
bdnews24