কক্সবাজার, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাফ মেয়েদের ফুটবলের ফাইনালে উঠেছে ভারত। প্রথম সেমিফাইনালে সোমবার তারা ৮-০ গোলে হারায় পাকিস্তানকে।
দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ মঙ্গলবার খেলবে নেপালের সঙ্গে।
খেলার ১৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ভারতের বালা দেবী। ৩১ ও ৩২ মিনিটে আরো দু'টি গোল দিয়ে হ্যাট্রিক করেন তিনি।
প্রথমার্ধে আরো ৪টি গোল করেন ভারতের মেয়েরা। ২৬ মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় বিদ্যাবতি, ৩৩ মিনিটে সুস্মিতা মালিক, ৩৯ মিনিটে সুপ্রভা ও অতিরিক্ত সময়ে অমূল্য দেবী।
ফলে ভারত বিরতিতে যায় ৭-০ গোলে এগিয়ে থেকে।
দ্বিতীয়ার্ধে মাত্র একটি গোল হয়। সেটি করেন ভারতের মাহপ্রিত খের।
পাকিস্তান আরো বেশি গোল খেতে পারতো। কিন্তু গোলরক্ষক সায়েদা মাহপারার চমৎকার দক্ষতার কয়েকটি নিশ্চিত গোল বাঁচান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/টিআর/১৭২৩ ঘ.
bdnews24