ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় শনিবার পেদ্রো ও ডেভিড ভিয়ার জোড়া গোলের সুবাদে এসপানিওলকে ১-৫ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।
এসপানিওলের মাঠে আটঘাট বেঁধেই খেলতে নেমেছিল বার্সেলোনা। শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণভাগে হানা দিয়ে জমিয়ে তোলে খেলা।
খেলার ১৯ মিনিটেই ফল পেয়ে যায় বার্সা। পেদ্রোর পা থেকে বল এসপানিওলের জালে জড়ালে এগিয়ে যায় তারা। জাভি হার্নান্দেজ ব্যবধান দিগুণ করেন ৩০ মিনিটে।
বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে দু'দল। পেদ্রো ৬০ মিনিটে আবারো গোল করে ব্যবধান ৩-০ তে নিয়ে যান। তিন মিনিট পর একটি গোল অবশ্য শোধ করেন এসপানিওলের পাবলো ড্যানিয়েল অসভালদো।
৭৬ মিনিটে এসপানিওলের গোলরক্ষককে ফাঁকি দেন ডেভিড ভিয়া। খেলার শেষ বাঁশি বাজার ৬ মিনিট আগে শেষ পেরেকটি ঠোকেন ওই ভিয়া।
ফলে ৫-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার বার্সা।
দিনের অন্যান্য খেলায় ভিয়ারিয়াল ৩-১ গোলে হারায় মার্লোকাকে। অ্যাথলেটিক বিলবাও ২-১ ব্যবধানে জয় পায় লেভান্তের বিপক্ষে। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-২ গোলে জিতেছে ভ্যালেন্সিয়া। আর দেপোর্টিভো লা করুনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল স্পোর্টিং।
লা লিগায় ১৬ খেলায় ৪৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৩৮ পয়েন্ট নিয়ে বার্সার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ।
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার সান্ডারল্যান্ড ১-০ ব্যবধানে হারায় বোল্টন ওয়ান্ডারার্সকে। আর ব্ল্যাকবার্ন রোভার্স ১-১ গোলে ড্র করে ওয়েস্ট হ্যামের সঙ্গে।
ভারী তুষাপাতের জন্য বাকি খেলা গুলো বাতিল হয়ে যায়।
ইতালির সেরি 'আ' তে এসি মিলানকে ০-১ গোলে হারিয়েছে এএস রোমা। চেরেনা ১-০ ব্যবধানে জিতেছে ক্যাগলিয়ারির বিপক্ষে।
জার্মানির বুন্দেসলিগায় ওয়েডার ব্রেমেন ১-২ গোলে হেরেছে কাইসারস্লুটার্নের কাছে। ফ্রাঙ্কফুর্ট ১-০ ব্যবধানে জিতে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। আর শাকলে জিরো ফোর ৩-০ গোলে হারিয়েছে এফসি কোলনকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৮৩৫ ঘ.
bdnews24